বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলকে ছাপিয়ে গাপটিল

30a7db2a64b7f1cbf2b037edaa0916cd-21ক্রীড়া ডেস্ক : আন্দ্রে রাসেলের ফুল টসটা এসেছিল পা বরাবর। ওয়েস্ট প্যাক স্টেডিয়ামের ৩৪ হাজার দর্শক বিস্ফারিত চোখে দেখল, বলটা ছাদ টপকে চলে গেল বাইরে! মার্টিন গাপটিলের মুখে মৃদু হাসি, গ্যালারির দিকে কাকে যেন দুই আঙুল দেখালেন। টিভি ক্যামেরা খুঁজে নিল, হাসছেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানও। বুড়ো আঙুল দেখিয়ে যেন অনুচ্চারে বললেন, ‘চালিয়ে যাও!’ এর আগে ওয়েস্ট প্যাকের ছাদে বল পাঠানোর কীর্তিটা ছিল ওই ম্যাকমিলানেরই। গাপটিলের ইঙ্গিতটা অনেকেই বুঝে নিয়েছিলেন।

দুই আঙুল উঁচিয়ে কি আরেকটা বার্তাও দিলেন গাপটিল? ১৩ বছর বয়সে গুরুতর এক দুর্ঘটনায় হারিয়ে ফেলেছিলেন বাঁ পায়ের তিন আঙুল। অনেকে হয়তো ক্রিকেট খেলার স্বপ্ন ওখানেই শিকেয় তুলে রাখতেন। গাপটিল অন্য ধাতুতে গড়া। নিউজিল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ধীরে ধীরে। দুই আঙুলের জন্য তাঁর ডাকনামই হয়ে গিয়েছিল ‘টু টোজ’। কিন্তু নিজেকে এমন একটা জায়গায় দেখার স্বপ্ন কি কখনো দেখেছিলেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান?

ওয়ানডেতে নিউজিল্যান্ডের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে আর যা-ই হোক গাপটিলের নামটি কেউ ভাবেনি। তবে অনেকেই হয়তো ভুলে গেছেন, দেড় বছর আগে ইংল্যান্ডের সঙ্গে গাপটিলের ১৮৯ রানের একটা ইনিংস আছে। এত দিন ওটাই ছিল নিউজিল্যান্ডের সর্বোচ্চ ইনিংস। কাল সেই গাপটিলই করে ফেললেন ডাবল সেঞ্চুরি। শুধু ডাবল সেঞ্চুরিই তো নয়, এটি এখন বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংস—অপরাজিত ২৩৭ রান। মাত্র ২৫ দিনের ব্যবধানেই পেছনের পাতায় চলে গেল ক্রিস গেইলের ২১৫।

ক্যারিবীয় বিধ্বংসী ওপেনার ক্যানবেরায় যে ইনিংসটি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এটি ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। রোহিত শর্মার ২৬৪ রয়েছে চূড়ায়।

২৩৭ রানের ইনিংসটার মাহাত্ম্য বোঝাবে ছোট্ট একটা পরিসংখ্যান—ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গড় স্কোরই ২৩৫! নিউজিল্যান্ড ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস, প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি। গাপটিলের বরমাল্য কাল ফুলের ভারে যেন নুয়েই পড়ল!

ম্যাচের প্রথম বল খেলেছেন, খেলেছেন শেষটিও। ১৬৩ বলে ২৩৭ রানই বোলারদের ওপর বয়ে যাওয়া ঝড়ের তীব্রতা বোঝায়। ২৪টি চার ও ১১টি ছয় সেই সাক্ষ্য দেয়ও বটে। তবে বোবা স্কোরকার্ড বলতে পারে না, এই উন্মত্ততার মধ্যেও ছিল একটা শান্ত সমাহিত সৌন্দর্য। এই তুমুল ধ্বংযজ্ঞের মধ্যেও ছিল ধ্রুপদ সংগীতের অপূর্ব সিম্ফনি। আধুনিক ক্রিকেটের প্রতীক হয়ে যাওয়া সুইচ হিট, স্লগ বা রিভার্স সুইপ বা স্কুপ খুঁজতে গেলে আপনাকে হতাশ হতে হবে। দারুণ সব স্কয়ার কাট আছে, অথচ উইকেটের পেছনে একটা ছয়ও নেই। স্রেফ ক্রিকেটীয় সব শট খেলেই হাসতে হাসতে খুন করেছেন হোল্ডারদের।

সেই কাজটাও করেছেন কী অনায়াস ছন্দে! প্রথম ৫০ করতে খেলেছেন ৬৪ বল, পরের ৫০ করতে লেগেছে ৪৭ বল। পরের অর্ধশতক ২৩ বলে, আর ১৫০ থেকে ২০০ করেছেন ১৮ বলে! এমন একটা ইনিংস খেলার পর আত্মতৃপ্তিতে ভেসে যাওয়াই স্বাভাবিক। অথচ ম্যাচ শেষে গাপটিলের কাছে বড় হয়ে উঠল পরের ম্যাচের করণীয়, ‘আমাদের এখনো অনেক কাজ বাকি, এই ম্যাচ জয়ের আনন্দে বুঁদ হয়ে থাকলে চলবে না।’ নিজের এত বড় কীর্তি নিয়েও কী বিনয়ী, ‘ব্যাট করতে নামার সময় তো একটু চাপ থাকেই, কিন্তু আমি সেটা মাথায় নেওয়ার চেষ্টা করিনি। আজ যা করতে চেয়েছি সবকিছুই ভাগ্যের ছোঁয়ায় কীভাবে যেন হয়ে গেছে।’

ও হ্যাঁ, ম্যাচের পর গাপটিল হয়তো ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসকে একটা ধন্যবাদ দিয়েছেন। ইনিংসের তৃতীয় বলেই জেরোম টেলরের বলে যে গাপটিলের ক্যাচ ফেলেছিলেন স্যামুয়েলস! অনেকেই এমন ভাগ্যের পরশ পান, কিন্তু কজন সেটিকে কাজে লাগিয়ে খেলতে পারেন এমন হিরণ্ময় ইনিংস!

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক