বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভিডিওনির্ভর পহেলা বৈশাখের গানের বাজার

68632_e1বিনোদন প্রতিবেদক : পহেলা বৈশাখের আর মাত্র বাকি ২৪ দিন। কয়েক বছর আগেও বাঙালির সবচেয়ে বড় এ উৎসবটিকে ঘিরে অডিওবাজার থাকতো মুখর। শিল্পী-সুরকার-গীতিকারসহ সংগীত সংশ্লিষ্টরা ব্যস্ত থাকতো নতুন নতুন গান তৈরির কাজে। স্টুডিওগুলোর শিফট শিডিউল মেলাও ছিল ভার। কোম্পানিগুলো পরিকল্পনা করতো বিভিন্ন শিল্পীর একক ও মিশ্র অ্যালবামের। কিন্তু সেই অবস্থা একদমই আর নেই। পাইরেসি, ফ্রি ডাউনলোড, প্রযুক্তির আবির্ভাব ও শিল্পী-অডিও প্রযোজকদের দূরত্বসহ বিভিন্ন কারণে অডিওবাজার ক্রমাগত কেবল ধ্বংসের দিকেই ধাবিত হয়েছে। এবারের পহেলা বৈশাখকে ঘিরেও তেমন বড় কোন আয়োজন নেই। শিল্পী-কোম্পানি কেউই অডিও গান বাজারে আগের মতো করে প্রকাশ করতে চাচ্ছেন না। তবে চলতি বছরের শুরুতে গানের স্বত্ব নিজের কাছে রেখে আন্তর্জাতিকভাবে গান অনলাইনে বাজারজাত করার বিষয়টি সংগীতাঙ্গনে নতুন আশা সঞ্চার করেছে। পাশাপাশি ইউটিউবে গানের ভিডিও প্রকাশ করেও সেখান থেকে একটি ভাল আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এ বিষয়টিতে অভ্যস্ত হওয়ার দিকেই এখন বেশি জোর দিচ্ছেন সংগীতবোদ্ধারা। তবে সবকিছুর পরও পহেলা বৈশাখে বিভিন্ন শিল্পী অ্যালবামের পরিকল্পনা করেছেন। কোম্পানিগুলোও প্রকাশ করছে কিছু শিল্পীর অ্যালবাম। তবে এবারের পহেলা বৈশাখের গানের বাজারটি হতে যাচ্ছে ভিডিওনির্ভর। অডিওর চেয়ে মূলধারার শিল্পীরা ভিডিও আকারে সিঙ্গেল প্রকাশের প্রস্তুতি নিয়েছেন। অনেকেই বলেছেন, এক অ্যালবামে ১০টি গান করে লাভ নেই। কারণ, মান ভাল হলেও সব গানের প্রচারণা হয় না সঠিকভাবে। আর রেকর্ডসংখ্যক সিডির দোকান যেহেতু গত দুই বছরে বন্ধ হয়েছে, তাই অ্যালবাম বাজারজাতকরণের বিষয়টিও ঠিকভাবে হচ্ছে না। নিজের কাছে ওয়েলকাম টিউন, অডিও-ভিডিওর স্বত্ব রেখেই তাই ভিডিও আকারে সিঙ্গেল প্রকাশকে উত্তম মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় পহেলা বেশাখ উপলক্ষে ৫ই এপ্রিল আরফিন রুমি তার নতুন গান ‘ইংরেজি বিট’-এর ভিডিও প্রকাশ করছেন। এখানে তার সহশিল্পী সুইটি। গানটিতে নেচে পারফরম করেছেন রুমি-সুইটি। পহেলা বৈশাখ নিয়ে এরই মধ্যে একটি গান করেছেন বেলাল খান ও পূজা। সোমেশ্বর অলির কথায় ‘রঙিলা বৈশাখ’ শিরোনামে গানটির সুর করেছেন বেলাল। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু হয়েছে। এপ্রিলের শুরুতেই এটি প্রকাশ পাবে। শফিক তুহিনের কথায় ইমরানের ‘চলতে চলতে বলতে বলতে’ গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে ৫ই এপ্রিল। গানটিতে মডেল হয়েছেন তানজীন তিশা। চ্যানেল আই-সেরাকণ্ঠের শিল্পী নদী এরই মধ্যে নিজের একক প্রকাশের কথা জানিয়েছেন পহেলা বৈশাখে। সেখানে বাপ্পা মজুমদারের সঙ্গে করা তার একটি দ্বৈতগানের মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। খুব শিগগিরই এ অ্যালবাম ও ভিডিও একসঙ্গে প্রকাশ পাবে। সংগীতার ব্যানারে আলোচিত শিল্পী সিঁথি সাহার চতুর্থ একক প্রকাশ পাচ্ছে বৈশাখে। এখান থেকেও একটি ভিডিও তৈরির পরিকল্পনা হচ্ছে। পহেলা বৈশাখের অন্যতম বড় অ্যালবাম হিসেবে ঈগল মিউজিকের ব্যানারে আসছে নিজের কথা-সুর-সংগীতে শফিক তুহিনের নতুন একক ‘আঙুলে আঙুল’। এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন রাফি। এখান থেকেও একটি ভিডিও তৈরির কথা জানিয়েছেন তুহিন। ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজার নতুন এককও আসছে বৈশাখে। একই সঙ্গে অ্যালবাম থেকে একটি ভিডিও প্রকাশ পাবে। 

ইমরান ও পূজা তাদের একটি গানের ভিডিওর পরিকল্পনা করেছেন। এরই মধ্যে বাজারে এসেছে তানজীব সারোয়ারের ‘দিল’ এবং চন্দন চৌধুরীর নির্দেশনায় মীনহাজ মাহেরের ‘ঝিরি ঝিরি’ গানের মিউজিক ভিডিও। এছাড়া কমপক্ষে ৭০ থেকে ৮০টি গানের মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা চলছে পহেলা বৈশাখে। এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে ফুয়াদের সুর-সংগীতে ‘হিট ফ্যাক্টরি’ নামে একটি অ্যালবাম। পাশাপাশি মূলধারার শিল্পীরা বিভিন্ন মিশ্র অ্যালবামেও গান গেয়েছেন। তবে এবার অডিও নয়, শিল্পী, প্রযোজক ও সংগীত সংশ্লিষ্টরা মনোযোগ দিয়েছেন ভিডিওর দিকে। আর তাই তো রেকর্ডসংখ্যক মিউজিক ভিডিও এবার প্রকাশ পাচ্ছে বৈশাখে। বিষয়টিকে সংগীতবোদ্ধারা দেখছেন বেশ ইতিবাচক হিসেবে। কারণ, এরই মধ্যে বছরের প্রথমদিকে কয়েকটি গানের ভিডিও প্রকাশিত হয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার পহেলা বৈশাখে মূলধারার শিল্পীদের গানে-ভিডিওতে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলেই সংগীতাঙ্গনের জন্য মঙ্গল- এমনটাই ভাবছেন সংগীতবোদ্ধারা।