বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও দখলমুক্ত ওয়ার্ড গড়তে চান প্রার্থীরা

Woard-9ডেস্ক রির্পোট : দীর্ঘ একযুগ পর রাজধানী ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর তপসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাজনৈতিক অঙ্গন। চারদিকে বইছে নির্বাচনী হওয়া। তবে রাজনৈতিক সঙ্কটের মধ্যে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছে সাধারণ মানুষ। নির্বাচন হোক বা না হোক, নিজেদের প্রচারণায় পিছিয়ে থাকতে চান না প্রার্থীরা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন ওয়ার্ড। চায়ের দোকান থেকে শুরু করে হোটেল-রেস্টুরেন্ট, অলি-গলি, আড্ডাস্থল সবখানে সবার মুখে শুধু নির্বাচন আর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। কে হচ্ছেন কাউন্সিলর প্রার্থী? কারা পাচ্ছেন দলের সমর্থন- এরকমই উত্তেজনার মধ্যে রয়েছে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা।আগ্রহ, উত্তেজনা এবং নির্বাচন উৎসবের টানটান পরিস্থিতিসহ দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের নির্বাচনী হালচাল জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শাহেদ শফিক। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে তুলে ধরা হলো দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের হালচাল।

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ)এর ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল ও দিলকুশা অবিস্থত। ব্যাংক, বীমাসহ অসংখ্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের অবস্থান এখানে। বাণিজ্যিক এলাকা হিসেবে এর রয়েছে যথেষ্ট খ্যাতি। আবাসনেও পিছিয়ে নেই। এ এলাকা থেকে রাজস্ব প্রাপ্তি হয় প্রচুর। কিন্তু নাগরিক সেবা বলতে তেমন কিছুরই উপস্থিতি নেই এখানে। বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকট, মশার উপদ্রব, যত্রতত্র আবর্জনার ভাগাড়, ড্রেনেজ-স্যুয়ারেজের বেহাল অবস্থা এলাকাটিতে। তাছাড়া অলি-গলিতে চলছে অবৈধ দখলের রামরাজত্ব, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ড। এর পরও ৯ নম্বর ওয়ার্ড এলাকাটি একটি পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হবে-এমন আশায় বুক বাঁধছেন এর বাসিন্দারা। তাই আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাদের উৎসাহের শেষ নেই।

নির্বাচন উপলক্ষ্যে করপোরেশনের গুরুত্বপূর্ণ এ ওয়ার্ডে (সাবেক ৩২) চলছে ব্যাপক নির্বাচনী প্রচারণা। রাস্তার মোড়ে মোড়ে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। নানা প্রতিশ্রুতিতে ভরা এসব ব্যানার-ফেস্টুন ভোটারদের নজর কাড়ছে। প্রার্থীদের কেউ কেউ দলীয় পদ ও সমর্থন ব্যবহার করে চালাচ্ছেন প্রচারণা। আবার কেউ কেউ তা গোপন রাখার চেষ্টা করছেন। দলীয় সমর্থনের বাইরেও অনেকে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে যেমন প্রতিশ্রুতির প্রতিযোগিতা চলছে তেমনি ভোটারদের মধ্যে জমছে প্রত্যাশার স্তুপ। কেননা এ ওয়ার্ডে পানি, বিদ্যুৎ ও গ্যাস সমস্যা রয়েছে ব্যাপক। তারা এর সমাধান চান। এ ছাড়াও রাস্তা-ঘাট সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক দ্রব্য ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান সঙ্কট মোচন, যানজট নিরসন, পরিচ্ছন্ন ওয়ার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান ইত্যাদি নিয়ে যেসব প্রার্থী কাজ করার প্রতিশ্রুতি দেবেন সেসব প্রার্থীই আসন করে নেবেন ভোটারদের মনে। অবশ্য ভোটারদের এমন মনোভাবকে মাথায় রেখে এরই মধ্যে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরাও। তারা সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতিও দিচ্ছেন।

ওয়ার্ড পরিচিতি
আরামবাগ, মতিঝিল, মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাপলা চত্বর, ফকিরাপুল, ফকিরাপুল বাজার এলাকা, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা মোড়ের একাংশ, ডিআইটি মোড়, রাজউক এভিনিউ, নটরডেম কলেজ ও বঙ্গভবন এলাকা নিয়ে গঠিত হয়েছে ৯ নম্বর ওয়ার্ড। এটি অবিভক্ত সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড ছিলো। দক্ষিণ সিটি করপোরেশনের এ ওয়ার্ডটিতে ব্যবসার প্রাণকেন্দ্র মতিঝিল ও বঙ্গভবন অবস্থিত হওয়ায় ভোটার ও প্রার্থীরা আলাদা গুরুত্ব পাচ্ছেন।

পরিসংখ্যান মতে এ ওয়ার্ডে জনসংখ্যা রয়েছে তিন লাখ। ভোটার সংখ্যা ৩০ হাজারেরও বেশি। বাণিজ্যিক এলাকা হিসেবে এই এলাকায় যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদেরকে অন্যদের চাইতে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকার উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে হবে তাদের।

জানা গেছে, সেসব বিষয় মাথায় রেখেই ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে নিজেদের মধ্যে করণীয় ঠিক করছেন প্রার্থীরা।

২০০২ সালে অনুষ্ঠিত ডিসিসি নির্বাচনে এ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন মকবুল আহম্মেদ আকন্দ। ২০১১ সালের শেষের দিকে ক্ষমতা ছাড়ার পর আজ অবধি এ ওয়ার্ডটি জনপ্রতিনিধি শূন্য রয়েছে।

সম্ভাব্য প্রার্থী
মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, মতিঝিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম শামীম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. সাব্বির হোসেন, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. কোরবান আলী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান শাহীন প্রমুখ এ ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সলর প্রার্থী হিসেবে প্রচারণা চলাচ্ছেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী একেএম মমিনুল হক সাঈদ বাংলামেইলকে বলেন, ‘দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এলাকায় নানা সমস্যা বিরাজ করছে। মতিঝিলের মতো একটি বাণিজ্যিক এলাকা এ ওয়ার্ডে অবস্থান করলেও নাগরিক সুবিধার অনেক কিছু থেকেই বঞ্চিত এখানকার বাসিন্দারা। পানি সঙ্কট ও জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। তাছাড়া বিনোদনের জন্য একটি কমিউনিটি সেন্টার, হাসপাতাল ও একটি কবরস্থান নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। আমি নির্বাচিত হলে এখানকার মাদক ও দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হবো।’

তিনি আরো বলেন, ‘আমি ছাত্রলীগের রাজনীতি করি। এলাকার মানুষের সঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করতে হয় তা জানি। এলাকায় নির্বাচিত প্রতিনিধি থাকলে তাকে জনগণ ও সরকারের কাছে জবাবদিহি করতে হয়। এটি প্রতিষ্ঠিত হলেই এলাকার উন্নয়ন সম্ভব। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের হয়ে কাজ করবো।’

কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক বাংলামেইলকে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বাবার হাত ধরে রাজনীতি করছি। এলাকার মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে। রাজনীতি করে সব হারিয়েছি। এলাকায় আমাদের অনেক জমিজমা ছিলো। এখন ভাড়া করা বাসায় থাকি।’

তিনি বলেন, ‘আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। নির্বাচতি হলে আমি প্রথমে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করতে চেষ্টা করবো। দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করবো। এখন থেকে আমি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দল যাতে আমার উপর সুবিচার করে এজন্য আমি হাই কমান্ডের প্রতি আহ্বান জানাই।’

আরেক কাউন্সিলর প্রার্থী ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম শামীম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতি করেছি। বিরোধী দলের মামলা মোকদ্দমার শিকার হয়েছি। আমার বিশ্বাস দল আমাকে মনোনীত করবে। আমি যেহেতু এলাকার স্থানীয় সন্তান সে হিসেবে এ ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে পরিণত করতে চেষ্টা করবো।’

ভোটাররা যা চায়
শুধু স্থানীয়রা নন, ঢাকায় কর্মরত হাজার হাজার মানুষ থাকেন মতিঝিল, আরামবাগ ও ফকিরাপুল এলাকার বিভিন্ন বাসা বাড়িতে। কিন্তু ভোর কিংবা রাত হলেই এ এলাকার লাইনে পানি থাকে না। এজন্য এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে ফকিরাপুলের একটি বাড়ির মালিক সিরাজুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘এলাকার পানি সমস্যার কারণে ভাড়াটিয়ারা থাকতে চান না। গ্যাসেরও রয়েছে ভয়াবহ সংকট। কাউকে অভিযোগও জানাতে পারি না। আমরা চাই খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে এলাকার জনপ্রতিনিধি নির্বিচিত হোক। তাহলে আমাদের সুখ-দুঃখের কথাগুলো তাকে বলতে পারবো।’

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ বাংলামেইলকে বলেন, ‘বর্ষা এলেই এলাকার অলিগলিতে হাঁটা যায় না। গ্রামের কাঁচা রাস্তার চেয়েও খারাপ হয়ে যায়। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ে। সুয়ারেজের অবস্থা ভয়াবহ খারাপ। ময়লা আবর্জনার গন্ধের অলিগতিতে হাঁটা দায়। এগুলো সমাধানে যিনি অঙ্গীকার করবেন তাকেই আমরা নির্বাচিত করবো।