আইনমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সভা আহবান করায় সংঘর্ষ : আহত-১০
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পির নাম ভাঙ্গিয়ে সভা আহবান করায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কসবা মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামে সরকারি রাস্তার উপর রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের তোরণ ব্যক্তির নামে নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলেও ২১ ফেব্রুয়ারি রাতের আধারে ওই তোরণের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। এতে করে গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর বাঁধার মুখে নির্মান কাজ পুনরায় বন্ধ হয়। বিষয়টির নিস্পত্তিকল্পে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পির নাম ভাঙ্গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম শনিবার সকালে রাইতলা ঈদগাহ মাঠে জরুরী সভা আহবান করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া। বক্তব্য রাখেন, ডাঃ কে.এম আজাদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুল হোসেন।
সভায় বক্তাগণ বলেন, তোরণ নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা নিরসনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও রাতের আধারে পুনরায় নির্মাণ কাজ শুরু করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুল হোসেনের লোকজন।
সভায় ডাঃ কে.এম আজাদ বলেন, গেইট নির্মাণের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্যকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন আইনমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান যে জরুরি সভা আহবান করেছেন এতে আইনমন্ত্রীর কোন প্রকার সম্মতি নেই।
সভার এক পর্যায়ে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে সভাস্থলের চেয়ার টেবিল ভাংচুর করে এবং দু’দল গ্রামবাসীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মঈনুল ইসলাম বলেন, জটিলতা নিরসনকল্পে মন্ত্রীর নাম ব্যবহার করে সভা আহবান করায় ‘আমি ভুল করেছি।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সালিশ সভায় দু’দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে কেউ আহত হয়নি।











