ভিলিয়ার্স-ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পিচ’কে পেস-স্বর্গ উইকেট বলা হয়। পেস বোলারদের আদর্শ উইকেট। ব্যাটসম্যানদের সেখানে খেলতে হয় অনেকটা বুঝেশুনেই। কেননা প্রত্যেকটা বলেরই হিসাব-নিকাশ থাকে। কিন্তু চলতি বিশ্বকাপে সেরকম কি ঘটছে? নাকি সময়ের সঙ্গে সেখানকার পিচও বদলে গেছে?
ব্যাটসম্যানরা খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। বোলারদের পাত্তা কই? ব্যাটিং-স্বর্গে রান তোলার পথটি দেখিয়ে দিয়ে গেছেন এক অস্ট্রেলিয়ানই, অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশ বোলারদের বেধরক পিটিয়ে ১৩৫ রান করেছিলেন তিনি।
এরপর একে একে সেঞ্চুরির দেখা পান ডেভিড মিলার, জেপি ডুমিনি, বিরাট কোহলিসহ আরো কয়েকজন। এরা অবশ্য সেঞ্চুরি করেই ক্ষান্ত ছিলেন। কিন্তু ক্যারিবীয়ান ‘দানব’ ক্রিস গেইলের কাছে সেঞ্চুরি বোধ হয় বেমানানই মনে হলো! সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে পরিণত করেন তিনি (২১৫)। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বোলারদের ওপর দিয়ে কী তান্ডবই না চলেছে ওই ম্যাচে!
কিন্তু কে জানত, দুই দিনের ব্যবধানে গেইলের দল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর তার চেয়েও বড় এক টর্নেডো বয়ে যাবে? কার ব্যাটে এমন ঝড় বইবে, ব্যাপারটা বোধ হয় অনেকটা অনুমিতই ছিল! আর সেই টর্নেডো কিংবা ঝড়ের নাম এবি ডিভিলিয়ার্স। দুর্দান্ত গতিতে তার ব্যাট চলেছে।
তার এই গতি যেতে পারত আরো অনেক দূর। কিন্তু ওভার শেষ হওয়ায় ১৬২ রানেই অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ভিলিয়ার্স। আর মাত্র তিন বল কম খেললে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির নজির গড়তেন তিনি। এরপর বাকি ১৪ বলে তিনি করেন ৬২ রান! এর মধ্য দিয়ে ওয়ানডেতে দ্রুততম ১৫০ রান করার রেকর্ড গড়েন তিনি, ৬৪ বলে। তার অতিমানবীয় ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রানের বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানোর ক্ষেত্রে ভারতের রেকর্ডে ভাগ বসিয়েছেন প্রোটিয়াসরা। ২০০৭ সালের ক্রিকেট মহাযজ্ঞে ভারত একই ব্যবধানে পরাজিত করেছিল বারমুডাকে।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪০৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পরিসমাপ্তি ঘটে ১৫১ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ বলে সর্বোচ্চ ১৬২ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। ১৭টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান আসে হাশিম আমলার ব্যাট থেকে। আর ডু প্লেসিস করেন ৬২ রান। ৩৯ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলেন রিলে রুশো।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। ১০ ওভার বল করে ১০৪ রান খরচায় ১টি উইকেট নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।
এদিকে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন হোল্ডার। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কার মার। ডোয়াইন স্মিথ করেন ৩১ রান। এ ছাড়া ২২ রান আসে উইকেটরক্ষক দিনেশ রামদিনের ব্যাট থেকে।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার ৪৫ রান দিয়ে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন কাইল অ্যাবোট ও মরনে মরকেল। ডেল স্টেইনের ঝুলিতে জমা হয় বাকি উইকেটটি।











