১৯ দিনে ব্রাহ্মণবাড়িয়া তিনটি ট্রেন দুর্ঘটনা : রেলের শিডিউল বিপর্যয়
ব্রাহ্মণবাড়িয়া অংশে গত তিন সপ্তায় তিনটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। টানা হরতাল আর অবরোধের মধ্যে তিনটি ট্রেন দুর্ঘটনার কারণে এই পথে রেলের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
এদিকে, তদন্ত কমিটি গঠন ছাড়া রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে দৃশ্যত কোনও পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় রেল কর্মকর্তারা এসব দুর্ঘটনার জন্য নিজেদের ত্রুটিকে আড়াল করতে নাশকতাকে দায়ী করছেন। অন্যদিকে, রেল পুলিশ বলছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটেছে।
রেল সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯ দিনে ব্রাহ্মণবাড়িয়া অংশে তিনটি ট্রেন দুর্ঘটনা ঘটে। ২৫ জানুয়ারি দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশন এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে ৯ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে এই পথে ট্রেন চলাচল শুরু হয়।
এরপর গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশনের কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে সাড়ে ৪ ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সবশেষ গত ১৩ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আউটারের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে সাড়ে ৭ ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মাইনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।
এসব দুর্ঘটনার পর এই পথে চলা যাত্রী ও মালবাহী আপ এবং ডাউন মোট ৫৮ থেকে ৬০টি ট্রেনের সময়সূচীতে মারাত্মক বির্পযয় দেখা দেয়। এতে এই পথের ট্রেন যাত্রীরা পড়েছে দুর্ভোগে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের ১৫ ফেব্রুয়ারির শিডিউল থেকে দেখা যায়, গত ১৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনটি (চট্টগ্রাম থেকে ছেড়ে আসা) ১৫ ঘণ্টা বিলম্বে পরদিন ১৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা ৪২ মিনিটে ছেড়ে গেছে। ১৪ ফেব্রুয়ারি ভোর ৪টা পাঁচ মিনিটের ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা ট্রেনটি (চট্টগ্রাম থেকে ছেড়ে আসা) ১১ ঘণ্টা বিলম্বে ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৫৫ মিনিটে ছেড়ে গেছে। ১৫ ফেব্রুয়ারি দুপুর ১টা ২৫ মিনিটের ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি (সিলেট থেকে ছেড়ে আসা) ছয় ঘণ্টা বিলম্বে সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে গেছে।
একই পথে নিম্নগামী (ডাউন লাইন) ট্রেনের শিডিউলও লাটে উঠেছে। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল ৮টা ৫৫ মিনিটের পরিবর্তে সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে দুপুর ২টা ২৫ মিনিটে ছেড়ে গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন বিকেল ৫টা ৪০ মিনিটের বদলে সাড়ে ছয় ঘন্টা বিলম্বে রাত ১২টা পাঁচ মিনিটে ছেড়ে গেছে।
শিডিউল বিপর্যয় প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার মহিদুর রহমান বলেন, “একের পর এক ট্রেন লাইনচ্যুতের কারণে শিডিউল বির্পযয় দেখা দিয়েছে। এ অবস্থা স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে।”
তবে ট্রেন লাইনচ্যুতের কারণ জানতে চাইলে আখাউড়া রেলজংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসিন উদ্দিন ভূঁইয়া জানান, দুর্বৃত্তরা ফিসপ্লেট খুলে রাখায় পাঘাচং স্টেশনের কাছে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। আর লাইনে সমস্যা থাকায় নাসিরাবাদ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।
এদিকে, আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মো. ইয়াসিন ফারুক মজুমদার বলেন, 'নাশকতা রোধে প্রতি কিলোমিটার রেলপথ পাহারায় তিনজন চৌকিদার নিয়োগ করা হয়েছে। সুতরাং নাশকতার কারণে নয়, লাইনে ত্রুটি থাকার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।'
পূর্বাঞ্চল রেলওয়ের (চট্টগ্রাম) বিভাগীয় ব্যবস্থাপক কামরুল হাসান জানান, ব্রাহ্মণবাড়িয়া অংশে তিনটি ট্রেন দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











