,

শোক জানাতে রিয়াদে বিশ্বনেতারা

image_1082_162836আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহকে মৃত্যু-পরবর্তী সম্মান জানাতে রিয়াদে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবে পেঁৗছেছেন। তারা শনিবার সন্ধ্যায় রিয়াদে সদ্যপ্রয়াত বাদশাহ আবদুল্লাহর আনুষ্ঠানিক শোকসভায় যোগ দেন। একই সুযোগে পশ্চিমা এসব নেতা নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদের সঙ্গেও কথা বলবেন এবং তার সম্পর্কে জানার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বনেতাদের এই আগমন রোববারও অব্যাহত থাকবে বলে জানা গেছে। নতুন বাদশাহ সালমান অবশ্য ইতোমধ্যে পূর্বসূরির নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর আগে শুক্রবার জুমার পর প্রয়াত বাদশাহ আবদুল্লাহকে রিয়াদে সমাহিত করা হয়। সেখানেও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, আরব নিউজ
বার্তা সংস্থাগুলো বলছে, পশ্চিমা বিশ্বের তিন শক্তিধর দেশের নেতা ক্যামেরন, ওঁলাদ এবং জো বাইডেন শনিবার রিয়াদে পেঁৗছেন। তারা এদিন প্রয়াত সৌদি বাদশাহর প্রতি শ্রদ্ধা জানান। তবে ওই আনুষ্ঠানিকতার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এদিন ইরানের পক্ষ থেকেও ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এছাড়া রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, জাপানের ক্রাউন প্রিন্স নারুহিতো এবং অন্য বিশ্বনেতারাও সৌদি আরবের রাজধানী রিয়াদে যাচ্ছেন বলে জানা গেছে। তারা সবাই প্রয়াত বাদশাহর প্রতি শোক জানানোর পাশাপাশি নতুন বাদশাহ সালমানের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানাবেন।
বিশ্বনেতাদের এই সৌদি আরব সফরের পেছনে মুখ্য কারণ শোক প্রকাশ হলেও নতুন সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ এবং তার সম্পর্কে একটা ধারণা নেয়ার চেষ্টাও কম গুরুত্বপূর্ণ নয়। বিবিসির আরব অঞ্চল বিষয়ক সম্পাদক অ্যালান জনস্টন বলছেন, সব বিশ্বনেতাই নতুন বাদশাহর বৈশিষ্ট্য, মেজাজ-মর্জি এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন। পশ্চিমা বিশ্বের বিভিন্ন নীতি, বিশেষ করে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সৌদি আরবের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আর তাই সব পশ্চিমা নেতার লক্ষ্য থাকবে নতুন বাদশাহর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।
এর পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন বলে জানা গেছে। শনিবার ভারতের উদ্দেশে রওয়ানা দেয়া ওবামা তার সফর কিছুটা সংক্ষিপ্ত করে মঙ্গলবার সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। সেখানে তিনি সাবেক বাদশাহর জন্য শোক প্রকাশ এবং নতুন বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করবেন। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পরই ওবামা শোক প্রকাশ করেন। তিনি তার শোক বিবৃতিতে বাদশাহ আবদুল্লাহ সম্পর্কে বলেন, 'নিজ মতামতে অটল থাকার মতো সাহসী ও সৎ ছিলেন তিনি।'
এছাড়া ইসরাইলি প্রেসিডেন্ট রুভেন রিভলিন প্রয়াত বাদশাহ আবদুল্লাহর প্রশংসা করে বলেন, 'দৃঢ়, বিবেচক এবং দায়িত্বশীল নেতা ছিলেন তিনি।' জাতিসংঘের মহাসচিব বান কি মুন আবদুল্লাহর কাজের প্রশংসা করে বলেন, 'তিনি বিশ্বের ধর্মবিশ্বাসীদের মধ্যে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছিলেন।' তবে মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, আবদুল্লাহর অধীনে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নাজুক ছিল। আর তাই নতুন বাদশাহ সালমানের প্রতি তাদের আহ্বান, দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আরো কাজ করতে হবে তাকে।
শুক্রবার বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সেদিন রাতেই সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন ৭৯ বছর বয়সী সালমান বিন আবদুল আজিজ। গত শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের শত শত নাগরিক সারিবদ্ধভাবে রাজকীয় প্রাসাদে ঢুকে আনুগত্য প্রকাশের জন্য তাদের নতুন নেতার হাতে চুমু খান। দায়িত্ব গ্রহণের পরই সালমান তার পূর্বসূরি আবদুল্লাহর দেখানো পথেই দেশ পরিচালনা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। দায়িত্ব নেয়ার পর দ্রুততার সঙ্গে উত্তরাধিকারী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ দিয়েছেন তিনি। উত্তরাধিকারীদের মধ্যে এই প্রথমবারের মতো ডেপুটি যুবরাজ হিসেবে সৌদি রাজপরিবারের তৃতীয় প্রজন্মের একজনকে নিয়োগ দেয়া হয়েছে। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ এবং সালমানের অপর সৎভাই মুকরিনকে বাদশাহর উত্তরাধিকারী যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানী রিয়াদের গ্র্যান্ড মসজিদে জানাজা শেষে রিয়াদের একটি কবরস্থানে নামবিহীন সাধারণ কবরে বাদশাহ আবদুল্লাহকে সমাহিত করা হয়। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ উপসাগরীয় দেশগুলোর শাসক ও নেতারা উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক পরে রিয়াদে এসে পেঁৗছেন। উল্লেখ্য, বাদশাহ আবদুল্লাহ ৯০ বছর বয়সে গত শুক্রবার ভোরে মারা যান। তিনি ২০০৫ সালে সৌদি আরবের বাদশাহর দায়িত্ব গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ