দুই পক্ষ পক্ষে যাওয়া বক্তব্যের ফলাও প্রচারে
ডেস্ক রির্পোট : এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে নজিরবিহীন সহিংসতা ও অস্থিরতায় উদ্বিগ্ন বন্ধু রাষ্ট্রগুলো। তাদের প্রতিনিধিরা উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বা নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। এসব বক্তব্যে অনতিবিলম্বে সহিংসতা বন্ধ ও মতপার্থক্য নিরসনে আলোচনা বা সংলাপের তাগিদ রয়েছে। তবে সেসব আহ্বান বা তাগিদের পরিপ্রেক্ষিতে এ দেশের রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ায় কূটনীতিকরাও বিস্মিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউরোপীয় কূটনীতিক কালের কণ্ঠকে বলেন, তাঁদের বিবৃতিগুলোতে উভয় পক্ষের কাছে প্রত্যাশা থাকে। কিন্তু দৃশ্যত দুই পক্ষই মনে করছে, মূল প্রত্যাশা তাদের প্রতিপক্ষের কাছেই।
সরকারি সূত্রগুলো বলছে, বিদেশিদের প্রত্যাশা অনতিবিলম্বে সংঘাত বন্ধ হোক। সরকারও তাই চায়। যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক সমাজে সহিংসতার কোনো স্থান নেই। রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতার ব্যবহারকেও পশ্চিমা দেশগুলো সমর্থন করে না।
বিদেশিরা সংলাপের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে কি না জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত সপ্তাহে বলেছেন, কয়েক সপ্তাহ ধরে বিদেশি যেসব কূটনীতিকের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে, তাঁদের কেউই সংলাপের কথা বলেননি। বরং তাঁরা সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন।
গত বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পেয়েরে মায়াদোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সংলাপের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বলে ইইউর ঢাকা অফিস থেকে জানানো হয়েছে। সে দিনই ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে রাজনৈতিক সব পক্ষকে নিজেদের কর্মের পরিণতি ভাবার আহ্বান জানিয়েছেন। সেদিনই কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে বলেছেন, সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগও অবশ্যই দিতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, চলমান সহিংসতা বন্ধে সব পক্ষেরই কোনো না কোনো দায়িত্ব আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সংস্থাটির শান্তি বিনির্মাণ বিভাগের প্রধান ও সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোকে বাংলাদেশ সরকার ও বিএনপির সঙ্গে লিয়াজোঁ করার দায়িত্ব দিয়েছেন। তারানকো সেই দায়িত্ব পালন করছেন বলে জাতিসংঘ জানিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা দেশগুলো তাদের বিবৃতিতে শান্তিপূর্ণ আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ওই দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সহিংসতাই এখন সবচেয়ে বড় সমস্যা। সহিংসতা রাজনৈতিক আন্দোলন নয়, বরং সন্ত্রাস। সহিংসতা বন্ধ হলেই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির সুযোগ সৃষ্টি হতে পারে। কারণ সহিংসতা যারা করছে, একই সঙ্গে তাদের রাজনৈতিক কর্মসূচি যে খুব শান্তিপূর্ণ হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে বলেও সরকারের পক্ষ থেকে বিদেশিদের জানানো হচ্ছে। পশ্চিমা কূটনীতিকরা মনে করেন, তাঁদের বিবৃতিতে সংলাপের আহ্বান বা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়ার আহ্বানকেই বড় করে দেখছে বিরোধী পক্ষ। এর মাধ্যমে সরকারের ওপর বিদেশিদের চাপ সৃষ্টি হচ্ছে বলেও মনে করছে তারা। অন্যদিকে সহিংসতার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে তারা।
একাধিক পশ্চিমা কূটনীতিক জানান, সম্প্রতি সরকার ও বিরোধী পক্ষের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর তাঁরা এ বিষয়ে বিবৃতি বা বিজ্ঞপ্তি দিয়েছেন। এর কারণ হিসেবে তাঁরা বলেন, সরকার ও বিরোধী পক্ষ ওই বার্তাটিই প্রচার করছে, যেটি তাদের পক্ষে যায়। এর বাইরেও যে আহ্বান থাকে সেটি আর জানানো হয় না। তা ছাড়া অনেক সময় বিভিন্ন বিষয় নিজেদের মতো করে উপস্থাপন করে দুই পক্ষই। এ কারণে প্রকৃত অবস্থান তুলে ধরার জন্য তাদেরও বিজ্ঞপ্তি বা বিবৃতি দিতে হচ্ছে।
তাঁরা বলেন, বিদেশিদের বিবৃতি বা বক্তব্য যে এ দেশের রাজনৈতিক মহলে বড় ধরনের প্রভাব ফেলে তার অনেক নজির আছে। সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য গত মাসে বিএনপি চেয়ারপারসনের এক দূতের যুক্তরাষ্ট্র কংগ্রেসের নামে ভুয়া বিবৃতি তৈরি করে তা প্রচার করার ঘটনার বিষয়েও তাঁরা অবগত। একইভাবে গত বছর লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন ইস্যু ওঠার পরও সরকারের পক্ষ থেকে বিষয়টি চেপে যাওয়ার বিষয়ও তাঁদের স্মরণে আছে।
পশ্চিমা কূটনীতিকরা জানান, বন্ধু রাষ্ট্র বা উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে কেবল সরকার বা বিরোধী পক্ষের কাছে নয়, বরং উভয় পক্ষের কাছেই তাদের সুস্পষ্ট প্রত্যাশা আছে। সহিংসতা বন্ধ বা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ- এ দুটির কোনটি আগে আর কোনটি পরে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক থাকতে পারে। তবে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগী হিসেবে তাঁরা দুটিই অনতিবিলম্বে প্রত্যাশা করেন। কারণ বাংলাদেশে নজিরবিহীন সহিংসতা, অস্থিতিশীলতা ও রাজনৈতিক অনৈক্য বিশ্বের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে, যার থেকে ব্যবসা-বাণিজ্য, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে।
পশ্চিমা কূটনীতিকরা স্পষ্টতই জানান, তাঁরা চলমান পরিস্থিতিতে উদ্বেগ, সংলাপ-সমঝোতার আহ্বান জানাতে পারেন। উভয় পক্ষ চাইলে তাঁরা মধ্যস্থতাও করতে পারেন। তবে সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের নেতাদেরই। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের দিকে না তাকিয়ে দেশের স্বার্থকেই বড় করে দেখা উচিত। অঞ্চল-জোট নির্বিশেষে বিদেশিরা এ দেশের সম্ভাবনার কথা স্বীকার করেন। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিশ্ব নেতারা বাজি পর্যন্ত ধরেন। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে রাজনীতিকদেরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত।











