বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টাফ না খেলে খাবার মুখে তুলবেন না খালেদা জিয়া

khaleda_211-400x160ডেস্ক রির্পোট : খাবার প্রবেশে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিরা খাবার না খাওয়া পর্যন্ত তিনি খাবার খাচ্ছেন না। দুপুরে মহিলা দলের কয়েকজন নেত্রী তাকে খাবার খাওয়ার অনুরোধ করলে তিনি তার এ সিদ্ধান্ত জানান। কার্যালয়ে সংরক্ষিত যেসব শুকনো খাবার রয়েছে, তা আপাতত কার্যালয়ে অবস্থানকারী মহিলা দলের নেত্রী, কর্মকর্তা-কর্মচারিদের খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে এ তথ্য।

সূত্রমতে, ফজরের নামাজ আদায় করেই বৃহস্পতিবার ঘুমাতে যান খালেদা জিয়া। দুপুরে ঘুম থেকে উঠে যোহরের নামাজ আদায় করেন। এরপরই তার সঙ্গে দেখা করেন কার্যালয়ে আগ থেকে অবস্থানকারী বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ কার্যালয়ের দু’জন কর্মকর্তা। তারা দুপুরের খাবার খেতে অনুরোধ করলে খালেদা জিয়া জানতে চান, কার্যালয়ের ভেতরে স্টাফসহ সবার খাবার বাইরে থেকে এসেছে কি-না। এ সময় মহিলা দলের এক নেত্রী বিএনপি চেয়ারপারসনকে জানান, বুধবার রাতের মত বৃহস্পতিবার সকালেও খাবার প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ কথা শুনে বিস্ময় প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি কার্যালয়ে সংরক্ষিত যতোটুকু খাবার আছে, তা সবাইকে ভাগাভাগি করে খেতে অনুরোধ করেন। ফ্রিজে থাকা তার খাবারও সবাইকে খেতে বলেন তিনি। কিন্তু কার্যালয়ের কর্মকর্তারা খালেদা জিয়ার জন্য রাখা খাবার খেতে রাজি হননি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল জানান,  কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিসহ মহিলা দলের নেত্রীরা অভুক্ত রয়েছেন। তিনি বলেন, বিষয়টি জানার পর ম্যাডাম (খালেদা জিয়া) খাবার খাননি। খাবার না খেলে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন বলার পরও তিনি খাবার খেতে রাজি হচ্ছেন না। সবার জন্য খাবার বাইরে থেকে আসার পরই তিনি খাবার খাবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানকারী কর্মকর্তা-কর্মচারিরা অভুক্ত রয়েছেন বুধবার রাত থেকে। বুধবার মধ্যরাতে দুই যুবক দুই ব্যাগ চাল নিয়ে আসলেও তাও  ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এর আর আগে বুধবার রাত ৮টা দশ মিনিটে রাতের খাবার নিয়ে কার্যালয়ের ভেতর প্রবেশকালে প্রথমে বাধা দেয় পুলিশ, তখন চালকসহ ভ্যানটিকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। দ্বিতীয় দফায় রাত সাড়ে ১০ টার দিকে পুনরায় কিছু শুকনা খাবার কার্যালয়ের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তাও প্রবেশ করাতে দেওয়া হয়নি।