বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাঁটায় পদ্ম-বিদায়, হাত যেন ‘বাপি বাড়ি যা’

download

এক বছর আগে ঠিক এমনই এক ফেব্রুয়ারির দিনে দিল্লির মসনদ ছেড়ে চলে গিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। আগামী ১৪ তারিখ সেই বিদায়ের বর্ষপূর্তি। তার ঠিক চার দিন আগে

 

পথে জয়ের আনন্দে। দিল্লির পটেল নগরে পিটিআইয়ের তোলা ছবি।

দিল্লির মানুষ সেই টিম-কেজরীবালের হাতেই তুলে দিলেন দিল্লির শাসনভার। ৭০ আসনের দিল্লি বিধানসভার ৬৭টি আসনই মঙ্গলবার আম আদমি পার্টি নিজেদের দখলে রাখল।

শুধু তাই নয়, গত বার বাইরে থেকে যে কংগ্রেসের সমর্থন নিয়ে কেজরীবালকে সরকার গঠন করতে হয়েছিল, এ বার সেই দলকে দিল্লি থেকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছেন দিল্লিবাসী। অজয় মাকেনের নেতৃত্বে রাজধানীর নির্বাচনে কংগ্রেস একটি আসনও পায়নি। এমনকী, গ্রেটার কৈলাস কেন্দ্রে হেরে গিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাকেন।

আশ্চর্যের আরও বাকি ছিল। মোদী-অমিতের নির্দেশনায় যে বিজেপি গত মে মাস থেকে একের পর এক নির্বাচনে কেবল জয়ের মুখই দেখেছে, সেই দলকে এ দিন দু’অঙ্কের সংখ্যাও ছুঁতে দেননি দিল্লির মানুষ! সকাল থেকেই বিজেপি প্রার্থীরা প্রায় প্রত্যেকটি আসনে পিছিয়ে ছিলেন আপ-এর কাছে। বেলা যত বেড়েছে, ততই দীর্ঘ হয়েছে দু’দলের ব্যবধান। দুপুরের দিকে স্পষ্ট হয়ে যায়, মাত্র তিনটি আসনেই বিজেপি-কে বেঁধে ফেলেছে দিল্লি। তার বাইরে আর বেরোতে পারেনি অমিত শাহের নির্বাচনী কলাকৌশল।

বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা যদিও এমনটাই ইঙ্গিত দিয়েছিল। সেখানে আপ-কে এগিয়ে রাখা হয়েছিল বিজেপি-র থেকে বেশ কয়েক কদম। তবে, কোনও সমীক্ষাতেই আপ ৫০ পেরোতে পারেনি। সমীক্ষাগুলির পাশাপাশি দলীয় দাবিকেও এ দিন ছাপিয়ে গিয়েছে আপ-এর ফল। বিরোধী দলগুলিকে ধুয়েমুছে সাফ করে আপ ৯০ শতাংশের বেশি আসন নিজেদের দখলে রাখল। লোকসভার পর মহারাষ্ট্র, হরিয়ানা, জম্মু-কাশ্মীর এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে পরাক্রমী বিজেপি-র জয়রথের গতি দিল্লিতে এসে কিছুটা শ্লথ হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু সেই রথ যে রাজধানীতে মুখ থুবড়ে পড়বে, তেমনটা কেউই বোধহয় ভাবেননি। রথের দুই মুখ্য ঘোড়া নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই নির্বাচনী হার নিয়ে একটি শব্দ খরচ করেননি। বরং প্রশাসক হিসেবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী টুইট করে অরবিন্দ কেজরীবালকে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, দিল্লির উন্নয়নে কেন্দ্রের সমস্ত রকম সহযোগিতাও যে তিনি পাবেন, সে বিষয়ে মোদী আশ্বাস দিয়েছেন অরবিন্দকে।

এ দিন কৃষ্ণ নগর কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। দলের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে দেশের প্রথম মহিলা পুলিশ অফিসার কিরণ জানিয়েছেন, তিনি দলের কাছে ক্ষমাপ্রার্থী। কেননা, দল যে বিশ্বাসে তাঁর উপর দায়িত্ব সঁপেছিল তিনি সেই বিশ্বাস রাখতে পারেননি। তাঁর দীর্ঘ দিনের সঙ্গী অরবিন্দ কেজরীবালকে শুভেচ্ছা জানিয়েছেন কিরণ। এমনকী, অরবিন্দকে তিনি ‘ফুল মার্কস’ও দিয়েছেন এ দিন।

আর অরবিন্দ নিজে কী বলছেন?

জনাদেশ পাওয়ার পর তিনি আপ-এর সদর দফতরে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন। এরই পাশাপাশি তিনি বলেন, “যখন সত্যের পথে থাকবেন, দেখবেন দুনিয়ার সকল শক্তি আপনাকে সাহায্য করছে। এই জয় সত্য এবং সততার জয়।” রাজধানীতে বিরোধীদের এমন হাল কেন, তার জবাবও এ দিন পাওয়া গিয়েছে কেজরীবালের কাছে। তিনি জানিয়েছেন, কংগ্রেস-বিজেপির হারের কারণ তাদের ঔদ্ধত্য এবং অহঙ্কার। এর পরই দলীয় কর্মীদের কাছে তাঁর আবেদন, ঔদ্ধত্য নয়, সত্যের পথে থাকুন।

-আনন্দ বাজার