আখাউড়া স্থলবন্দরে কমেছে রপ্তানি ও রাজস্ব আয়
টানা হরতাল-অবরোধে কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। ফলে সরকারের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ কমেছে ছয় কোটি এবং ভ্রমণ কর বাবদ রাজস্ব আয় কমেছে দুই লাখ টাকা।
অবরোধের আগে এ স্থলবন্দর থেকে প্রতিদিন গড়ে ৯০ গাড়ি পণ্য রপ্তানি হতো, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭০ এ। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরাসহ সাতটি পাহাড়ি রাজ্যে ইট, বালু, পাথর, সিমেন্ট, ছোট-বড় মাছ, শুঁটকি, প্লাস্টিক সামগ্রীসহ প্রায় ৫০ ধরনের পণ্য রপ্তানি হয়।
তবে ২০ দলীয় জোটের টানা রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের শতভাগ রপ্তানিমুখী এ বন্দরটিতে এখন বিরূপ প্রভাব পড়ছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (অতিরিক্ত) আহসান উল্লাহ বলেন, ২০১৪ সালের ডিসেম্বর মাসে সর্বশেষ এ বন্দর দিয়ে ৪১ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। কিন্তু অবরোধের কারণে জানুয়ারি মাসে পণ্য রপ্তানি হয়েছে মাত্র ৩৫ কোটি টাকা। অবরোধের কারণে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই এ বন্দর দিয়ে রপ্তানি কমতে থাকে। তাছাড়া আগে যেখানে গড়ে প্রতিদিন ৯০ গাড়ি পণ্য রপ্তানি হতো বর্তমানে অবরোধের কারণে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৭০ গাড়ি। অথচ ২০১৪ সালের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে প্রায় তিন কোটি টাকার বেশি পণ্য রপ্তানি হয়েছিল এই বন্দর দিয়ে।
বর্তমানে ভারতে বাংলাদেশের নির্মাণ সামগ্রীর ব্যাপক চাহিদা থাকলেও হরতাল অবরোধের কারণে চাহিদা মতো পণ্য রপ্তানি করতে পারছে না বন্দরের ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, অবরোধের কারণে ভারতীয় আমদানিকারকদের আমরা ঠিক মতো পণ্য দিতে পারছি না। তাই তাদের কাছ থেকে ঠিক মতো বিলও পাচ্ছি না।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, সড়ক পথে নাশকতার কথা চিন্তা করে ট্রাক চালকরা পণ্য পরিবহন করতে অনিহা প্রকাশ করছে। আবার রাজি হলেও ভাড়া চাচ্ছে দ্বিগুণ। যে কারণে পণ্য আমদানি আগের তুলনায় অনেক কমে গেছে।
এদিকে হরতাল-অবরোধের কারণে অনিয়মিতভাবে চলাচল করছে ঢাকা-আগতলা বাস সার্ভিস। কমে গেছে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও। অথচ ভ্রমণের মৌসুম হওয়ায় এখন যাত্রী পারাপার বেশি হওয়ার কথা। ডিসেম্বর মাসে আখাউড়া স্থলবন্দরে কাস্টমস দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর আদায় করেছে ১৭ লাখ টাকা। কিন্তু জানুয়ারি মাসে আদায় করেছে মাত্র ১৫ লাখ টাকা। অবরোধের কারণে ভ্রমণ করের ক্ষেত্রেও দুই লাখ টাকা রাজস্ব আয় কমে গেছে।
আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই হরতাল অবরোধের কারণে এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার প্রায় অর্ধেকে কমে এসেছে।











