আইএসের বিরুদ্ধে বিমান হামলা জর্ডানের
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া এবং ইরাকে সক্রিয় সুনি্নপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে জর্ডান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ এ তথ্য নিশ্চিত করেন। তবে ওই হামলায় হতাহতের বিষয়টি জানানো হয়নি। সংবাদসূত্র: বিবিসি, রয়টার্স, আল-জাজিরা
তিনি বলেন, সিরিয়ায় আইএসের হাতে আটক জর্ডানের এক পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারার প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার এসব বিমান হামলা চালানো হয়। এছাড়া জর্ডানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার সকালে আইএসের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে। তবে সিরিয়া এবং ইরাকে আইএসের দখলে থাকা বিশাল এলাকার ঠিক কোনখানে হামলা চালানো হয়েছে তা জর্ডানের সামরিক বাহিনী বলতে না পারলেও বিমানগুলো যে অভিযান শেষে নিরাপদে দেশে ফিরে এসেছে বলে তা নিশ্চিত করেছে তারা। তবে স্থানীয় খবরে বলা হয়েছে, আইএসের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্র ও গোলাবারুদের ঘাঁটি লক্ষ্য করেও বিমান হামলা চালায় জর্ডান।
এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ আরো বলেন, 'আমাদের পাইলটের হত্যার প্রতিশোধ নিতেই আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি।' অপরদিকে আমেরিকান কর্মকর্তারা জানান, আমেরিকান যুদ্ধবিমান এফ-১৬ এবং এফ-২২ আইএসের বিরুদ্ধে হামলার সময় জর্ডানের যুদ্ধবিমানকে নিরাপত্তা দেয়। জর্ডানের এসব বিমানকে পুনরায় জ্বালানি নেয়া এবং পর্যবেক্ষণ সহায়তাও দেয়া হয়। আমেরিকান এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, 'ওয়াশিংটন ইরাকের উত্তরাঞ্চলে বিমান এবং সেনা মোতায়েন করেছে। আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আন্তর্জাতিক জোটের হয়ে যুদ্ধ করা ভূপাতিত বিমানের পাইলটদের উদ্ধারে সক্ষমতা জোরদারে এসব বিমান এবং সেনা মোতায়েন করা হয়।
জানা গেছে, খাঁচার ভেতর রেখে জিম্মি জর্ডানের ওই পাইলটকে জীবন্ত পুড়িয়ে হত্যার বিরোধিতা করায় নিজেদেরই এক নেতাকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরীয় এক মানবাধিকার সংস্থা শুক্রবার এমন তথ্যই দিয়েছে। সংস্থাটির এক পরিচালকের বরাত দিয়ে বলা হয়, এরই মধ্যে আইএসের ওই নেতাকে পদচ্যুত করা হয়েছে। তিনি একজন সৌদি নাগরিক। এর আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-বাব শহরে আইএসের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে পুড়িয়ে মারা নিয়ে ওই নেতা তার অবস্থান স্পষ্ট করেন। কাউকে পুড়িয়ে মারার বিরুদ্ধে তিনি তার যুক্তি তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, যারা ওই পাইলটকে পুড়িয়ে হত্যা করেছে তাদের শাস্তি হবে। এ ঘোষণার পর উল্টো তাকেই পদচ্যুত করে জঙ্গিগোষ্ঠী আইএস। ব্রিটেনভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থার পরিচালক রামি আবদুল রহমান বলেছেন, ওই নেতাকে হত্যা করা হতে পারে। প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার এক ভিডিওচিত্র প্রকাশ করে আইএস। যেখানে তারা জিম্মি জর্ডানি পাইলট মুয়াজ আল কাসিসবাহকে পুড়িয়ে মারার খবর প্রচার করে।
এ ধরনের হত্যাকা-ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নেতাদের। এমনকি আল কায়েদাসংশ্লিষ্ট কয়েকজন নেতাও পুড়িয়ে মানুষ হত্যার করার বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেন। তবে নিজেদের ধর্মীয় আদর্শের কথা তুলে ধরতে গিয়ে টুইটারে আইএস লিখেছে, নাস্তিকদের পুড়িয়ে মেরে ফেলা ইসলামে বৈধ। প্রসঙ্গত, দলত্যাগের অভিযোগে চীনের তিন নাগরিককে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
এক কুর্দি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, গত সেপ্টেম্বরের দিকে সিরিয়ায় একজন চীনা নাগরিককে আইএস আটক করে এবং কথিত বিচারের পর তাকে হত্যা করা হয়। আইএসের বিষয়ে মোহভঙ্গের পর চীনের ওই নাগরিক পক্ষ ত্যাগ করে তুরস্কে ফেরার চেষ্টা করলে তাকে হত্যা করা হয়। এছাড়া চীনের আরো দুই নাগরিককে গত ডিসেম্বর মাসে ইরাকে গলা কেটে হত্যা করে আইএস জঙ্গিগোষ্ঠী। ওই সময় তাদের সঙ্গে আরো ছয়টি দেশের মোট ১১ জনকে হত্যা করা হয়। সন্ত্রাসীরা এসব হতভাগ্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ আনে। বিভিন্ন সূত্রে জানা গেছে, চীনের প্রায় ৩শ নাগরিক সিরিয়া এবং ইরাকে আইএসের হয়ে লড়াই করছে। এদের বেশিরভাগই দেশটির জিনজিয়াং প্রদেশ থেকে এসেছে। প্রসঙ্গত, চীনের জিনজিয়াং প্রদেশ পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত।











