আন্দোলনের নামে সন্ত্রাস-নাশকতা করছে-জাহাঙ্গীর আলম
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, সন্ত্রাসীদের কোন দল নেই, এরা দেশের শত্রু। তিনি বলেন, বর্তমানে আন্দোলনের নামে ২০ দলীয় জোট যা করছে তাকে কোনভাবেই গনতান্ত্রিক আন্দোলন বলা যাবেনা। ২০ দলীয় জোটের আন্দোলনে জনগনের কোন সম্পৃক্ততা নেই। তাই তারা আন্দোলনের নামে সন্ত্রাস-নাশকতা করছে। পেট্রোল বোমা, ককটেল মেরে মানুষ হত্যা করছে। তিনি মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর আলম আরো বলেন, ২০ দলীয় জোট জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশে অরাজক অবস্থার সৃষ্টি করছে। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে দেশে হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষকে পুড়িয়ে মারার ঘটনায় ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সহকারি কমিশনার (ভূমি) আবুল হাসনাত মোর্শেদ ভূইয়া, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা।
উপজেলা কৃষি অফিসার কে.এ. বদরুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম ও শাপলা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এস.এম. শাহীন।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। একে অন্যকে সহায়তা করে, তথ্য আদান প্রদান করে নিজেরা বাঁচতে হবে। তিনি বলেন, জাতি আজ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-বোমাবাজদেরকে প্রতিরোধ করতে হবে।
আলোচনা সভায় সদর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরের লোকনাথ উদ্যান ( টেংকের পাড়) থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়।











