সংবাদ সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের নিখোঁজ ব্যবসায়ীকে আগামী তিন দিনের মধ্যে উদ্ধারের আল্টিমেটাম ব্যবসায়ীদের
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নিখোঁজ ব্যবসায়ী মোঃ আল-আমিন খন্দকার-(৩০) কে আগামী তিন দিনের মধ্যে উদ্ধারের আল্টিমেটাম দিয়ে অন্যথায় আমদানী-রপ্তানি বন্ধ রাখার হুমকি দিয়েছেন আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই আল্টিমেটাম দেন।
আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের মালিক মোঃ আল-আমিন খন্দকার গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে তার পরিবার ও বন্দরের ব্যবসায়ীগন।
নিখোঁজ মোঃ আল-আমিন খন্দকার আখাউড়া উপজেলা সেনারবাদি গ্রামের বাসিন্দা। আমদানি-রপ্তানির পাশাপাশি তিনি সিএন্ডএফ এজেন্টও পরিচালনা করছেন।
এ ঘটনায় তাঁর ভাই মোঃ রুহুল আমিন খন্দকার আখাউড়া থানায় সাধারন ডায়রি করেছেন। মঙ্গলবার সকালে স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের ডাকা সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যবসায়ী আল-আমিন খন্দকার নিখোঁজের ঘটনায় তারা উদ্বিগ্ন। আগামী তিন দিনের মধ্যে তাকে উদ্ধার না করা হলে আমদানী-রপ্তানি বন্ধ রাখা হবে।
সংবাদ সম্মেলনে আখাউড়া স্থল বন্দরের আমদানী-রপ্তানী এসোসিয়েশনের সভাপতি রাজীব ভুইয়া বলেন, মোঃ আল-আমিন খন্দকার নিখোজ হওয়ার ৫ দিন অতিবাহিত হওয়ার পর ও আমরা আইন শৃংখলা বাহিনীর কাছ থেকে কোন সুনির্দিষ্ট কোন তথ্য পাচিছনা। সে জীবিত আছে কিনা মারা গেছে আমরা তা জানি না।
এ ব্যাপারে আখাউড়া গাজীর বাজারের মোঃ জহিরুল ইসলাম রনি জানান, গত ৩০ জানুয়ারি নিখোঁজ হওয়ার আগে আল-আমিন সকালে তাঁর বাড়িতে যান। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা বলে বেড়িয়ে যাওয়ার পর তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
আল-আমিনের ভাই রেজাউল খন্দকার বলেন, এলাকায় আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কিন্তু কিভাবে কি হলো এখন আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে বলেছে তাঁরা নাকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তবে মূলত তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।











