অবরোধ-হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে সমন্বয় কমিটি
আসন্ন এসএসসি পরীক্ষাকালীন সময়ে চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে তিনি এ কথা জানান।
বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নানা ইস্যুতে কথা হয় নজরুল ইসলামের।
এ সময় স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আরএ গণি, ড. আব্দুল মঈন খান, বেগম সারোয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এর মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধের বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি। ২০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ঠিক কবে এই বৈঠক হবে তা জানা যায়নি। খুব শীঘ্রই লিয়াঁজো কমিটির বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন, রাজনৈতিক আলোচনা নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আমরা কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এসেছিলাম। মাত্র কয়েকদিন আগে তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েছেন। সহকর্মী হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করে আমরা সমবেদনা জানিয়েছি। সাক্ষাতে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।
আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। গত প্রায় ২৪ দিন ধরে টানা অবরোধ-হরতাল চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এসএসসি পরীক্ষার সময়ও হরতাল অবরোধ থাকবে কি না এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে বিএনপিও চাপে রয়েছে। গত দুই দিন ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ব্যাপারে নানা অনুনয় বিনয় করে চলছেন আন্দোলনরত দলগুলোর কাছে।











