বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার: পলক

32e207e27e77f8144c13175a1d4ac8ab-polokডেস্ক রির্পোট : প্রযুক্তি ব্যবসায় বিদ্যমান নানা বাধা দূর করে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় গতকাল এ কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 



জুনাইদ আহমেদ প্রধান অতিথি হিসেবে বলেন, ‘মেধাবীদের মূল্যায়ন করবে সরকার। সে ক্ষেত্রে প্রযুক্তিশিল্পের সঙ্গে জড়িত সকলকে একত্রে কাজ করতে হবে। প্রযুক্তি ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে সহযোগিতা করা হবে। আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ’

৩১ মার্চ থেকে পাঁচ দিনের বিসিএস আইসিটি এক্সপো ২০১৫ অনুষ্ঠানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর, ইন্টেল কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর, সিসকো অ্যান্ড লিংকেসিস বাংলাদেশ প্রতিনিধি ফখরুদ্দীন আহমেদ, এইচপি বাংলাদেশ প্রতিনিধি মো. ইসমাইল, ওরাকল বাংলাদেশে প্রতিনিধি মো. মুনির, ডি-লিংকের আঞ্চলিক ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, বিজনেস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজউল্যাহ খান, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল ফাত্তাহ, স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামছুল ইসলাম, কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক আসিফ মাহমুদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে নিজেদের অভিমত তুলে ধরেন। 



সভায় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নের অংশীদার প্রতিটি সংগঠনের সমন্বিত অংশগ্রহণের মধ্য দিয়ে ‘মেক বাই বাংলাদেশ’ রূপকল্প ঘোষণা করা হয়। 

রূপকল্প অনুযায়ী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এর মধ্যে ২০১৭ সালের মধ্যে আইটি হার্ডওয়্যার ইনস্টলেশন খাত থেকে এক বিলিয়ন এবং ২০১৮ সালের মধ্যে সফটওয়্যার খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।