২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৫ কিলোমিটার রাস্তা জুড়ে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতি দুর্ঘটনা। ২০১৪ সালে নিহত হয়েছে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ। আহত হয়েছে ৫ শতাধিক। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। যার কোনো হিসাব নেই।
এই রাস্তাটিতে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত অবাধে চলছে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, ইজিবাইক, ট্রাক্টর, পাওয়ার টিলার। যার কারণে ঘটছে এসব দুর্ঘটনা।
সর্বশেষ আশুগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে নেয়ার পর আরো তিনজনসহ একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু হয়।
এক অনুসন্ধানে দেখা যায়, ২০১৪ সালে প্রায় শতাধিক দুর্ঘটনা ঘটে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত মহাসড়কটিতে প্রায় শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক লোকের প্রাণহানি হয়। এই দুর্ঘটনার কারণ হিসেবে বেরিয়ে আসে সরকার নিষিদ্ধ যান চলাচল।
ঢাকা-সিলেট মহাসড়কে হাইকোটের নিষেধ থাকার পরও অবাধে চলছে রিকশা, ভ্যানগাড়ি, ইজিবাইক, ট্রাক্টর, পাওয়ার টিলার ও ভটভটি। ভারী যানবাহনের সঙ্গে এসব গাড়ি পাল্লা দিয়ে চলার কারণে ঘটছে দুর্ঘটনা। বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে ভারী ও ছোট ছোট যানগুলো। এতে করে সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ, মাইক্রো, প্রাইভেটকারগুলো দুমড়ে মুচড়ে ঘটছে প্রাণহানি।
আশুগঞ্জ-হবিগঞ্জ রাস্তাটি দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার আর এই সড়ক এখন সারা দেশের মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুধু সাধারণ মানুষ নয় এই রাস্তাটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মোমিনুল মউজউদ্দিন।
৩৫ কিলোমিটার রাস্তায় হাইওয়ে পুলিশের হিসাব অনুযায়ী ২০১৪ সালে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন। আর পুলিশের হিসাবের বাহিরে রয়েছে আরো প্রায় ২০ জনের মৃত্যুর খবর। যা হাইওয়ে পুলিশের কাছ পর্যন্ত পৌঁছায়নি।
সর্বশেষ সোমবার (২৯ ডিসেম্বর ২০১৪) তারিখে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে নেয়ার পর আরো তিনজনসহ একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ফাঁড়ির ইনর্চাজ মো. আবদুন নুর জানান, ওভারটেকিং ও ওভারস্পিড দুর্ঘটনার প্রধান কারণ। তা ছাড়া আছে অদক্ষ চালকের বেপরোয়া গতি। যার কারণে প্রতিনিয়িত ঘটছে প্রাণহানি। আমরা এই ধরনের দুর্ঘটনা রোধে কাজ করছি। সবাইকে সচেতন হতে হবে।
জেলা পুলিশ সুপার মো.মনিরুজ্জামান পিপিএম (বার) জানান, দুর্ঘটনা রোধে তারা কাজ করে যাচ্ছেন। এ জন্য নিয়মিত অবৈধ গাড়ি ধরতে রাস্তায় বিশেষ অভিযান চালানোর পাশাপাশি চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনা রোধে চালকরা আরও সচেতন হলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন তিনি। এছাড়াও হাইকোর্টের রায় অনুযায়ী মহাসড়কে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, রিকশা, ভ্যানগাড়ি, পাওয়ার টিলার ও ট্রাক্টর বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।











