শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে গণভোটের মাধ্যমে ভোটাররাই সিদ্ধান্ত দিতে পারেন: ড. আকবর

02_Akbar+Aliডেস্ক রির্পোট :তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে কি থাকবে না, এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। এটা ভোটারদের বিষয়। গণভোটের মাধ্যমে ভোটাররাই সিদ্ধান্ত দিতে পারেন। গণভোটের ব্যবস্থা থাকলে হরতালের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।

শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. আকবর আলি খান বলেছেন, বর্তমানে দেশে অনুদার গণতন্ত্র বিরাজ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নাগরিক সংগঠন গড়ে তুলতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, বাংলাদেশে নির্বাচন হলেও গণতন্ত্র দুর্বল হয়ে যাচ্ছে। কারণ বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অনেক ত্রুটি রয়েছে।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ সব আসনের ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাননি। এ সমস্যা দিন দিন জটিল হচ্ছে।

আকবর আলি বলেন, গণতন্ত্র ও উন্নয়ন আলাদা কিছু নয়। তবে দিন দিন আমরা গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছি। সুজনের এই জাতীয় সনদ সমস্ত রাজনৈতিক দলের কাছে নিয়ে যেতে হবে। যদি তারা সমর্থন না করে, তাহলে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। দলের বিষয় নয়; দাবির বিষয় নিয়ে কাজ করতে হবে।

উদ্বোধনী পর্বে সুজনের সঙ্গে সম্পৃক্ত নেতৃবৃন্দসহ যে সকল বরেণ্য ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর সাংগঠনিক প্রতিবেদন ও জাতীয় সনদ উপস্থাপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, রোবায়েত ফেরদৌস, গণশিক্ষা আন্দোলনের অধ্যাপক আহসানুল হক, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাংবাদিক আশরাফ কায়সার প্রমুখ।