পৌষের শুরুতেই বৃষ্টি ও কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন
জেঁকে বসছে শীত
পৌষের শুরুতেই জেঁকে বসছে শীত। শুক্রবার রাজধানী ঢাকাসহ, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা ও আরো কয়েকটি জেলায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সারাদিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। অধিকাংশ স্থানে সূর্যের দেখা না মেলায় শীত বেশি অনুভূত হয়েছে। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ স্বল্প আয়ের মানুষরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়েছেন। রাজধানীতেও অন্যান্য দিনের তুলনায় গতকাল শীতের তীব্রতা ছিল বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। তবে আজ শনিবার মেঘলা আবহাওয়ার উন্নতি হলেও শীতের তীব্রতা কমবে না।
আবহাওয়া অফিস আরো জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। এ ছাড়া হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়।
এ ছাড়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২টি মাঝারি বা তীব্র এবং অন্যত্র ১-২টি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
চট্টগ্রাম অফিস জানায়, বৃহত্তর চট্টগ্রামে গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন জবুথবু হয়ে পড়ে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, এটি শৈত্যপ্রবাহ নয়। বঙ্গোপসাগরে পুবালি বাতাস ও পশ্চিমা বাতাসের সংমিশ্রণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সারাদিনে পতেঙ্গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ মিলিমিটার। মেঘ ও বৃষ্টি কেটে গেলেও আজ শনিবার থেকে উপকূলীয় অঞ্চলসহ বৃহত্তর চট্টগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। ভোর থেকে সকাল ৮/৯টা পর্যন্ত প্রায় সর্বত্র ঘনকুয়াশা দেখা যাবে।
নগরীতে গতকাল কনকনে ঠান্ডায় জনজীবন থমকে যায়। ভ্যান গাড়ি ও ট্রলিতে করে সস্তায় শীতের কাপড় বিক্রিতে নেমে যান ফেরিওয়ালারা। মাফলার, সোয়েটারসহ নানা ধরনের পুরনো কাপড় কিনতে ভ্যান গাড়ি ঘিরে স্বল্প আয়ের মানুষের ভিড় জমে ওঠে। চট্টগ্রামের পতেঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
নগরী সংলগ্ন উপকূল, সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরসরাই, আনোয়ারা ও বাঁশখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতেও কনকনে হাওয়া ও তীব্র শীত অনুভূত হচ্ছে। পাহাড়ি জীবনের গতি এতে হোঁচট খেয়েছে। পাহাড়ি জনগণ গরম কাপড়, আগুন ও নানা উপকরণে শীত মোকাবিলার চেষ্টা করছে।
বরিশাল অফিস জানায়, পৌষের শীত গত দু দিনেই কাবু করে ফেলেছে দক্ষিণ উপকূলের বাসিন্দাদের। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের সাথে গতকাল ভোরে হালকা কয়েক দফা বৃষ্টি শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। হঠাত্ করে আবহাওয়ার এমন চরিত্র বদলে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রোগাক্রান্তদের সিংহভাগই শিশু। চলতি মাসে এমন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওই দপ্তরের রের্কড অনুযায়ী শুক্রবার হঠাত্ করেই বরিশাল জুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সারাদিনে সূর্যের দেখা মেলেনি। কখনো কুয়াশা আর কখনো কালো মেঘে ঢাকা ছিল দক্ষিণ উপকূলের আকাশ।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ভোর থেকেই মানিকগঞ্জের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। হঠাত্ বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে। দেখা নেই সূর্যের। ?সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ছিল ফাঁকা। খেটে খাওয়া মানুষ কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছুটেছেন কর্মস্থলে। শীতের দাপটে ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার পদ্মা-যমুনা ও কালীগঙ্গা নদী পাড়ের মানুষদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শহর কি গ্রাম সব জায়গাতেই কাঠ, খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন গরিব ও খেটে খাওয়া মানুষগুলো।
জেলা শহরের রিকশাচালক মনির হোসেন বলেন, ‘আজ অনেক ঠাণ্ডা, রিকশা চালাতে পারছি না। হাত পা জইম্যা যাইতাছে।’ ঘিওরের তরা এলাকার মাঝি পাড়ার বৃদ্ধা মরনী রাজবংশী বলেন, ‘এত ঠান্ডা পড়ছে আর কুলাইতে পারছি না। নদীর ঠান্ডা বাতাসে শরীল অবস হইয়া যাইতাছে।’
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উজ জামান বলেন, পৌষের বৃষ্টিতে সরিষার ফুল পড়ে ফলনের ক্ষতি হবে। এছাড়া রোপণকৃত আলু গাছের গোড়ায় পচন ধরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
পিরোজপুর অফিস জানায়, সারাদিন মেঘলা আবহাওয়া ও মাঝে মাঝে বৃষ্টিতে পিরোজপুর অঞ্চলে শীত জেঁকে বসেছে। বৃষ্টি থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছে মানুষ। শীতবস্ত্র ও সুরক্ষিত বাসস্থানের অভাবে গরীব মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠে থাকা পাকা ধান নিয়ে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। শাক-সবজির চাষ ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
পাবনা প্রতিনিধি ও আটঘরিয়া সংবাদদাতা জানান, উত্তরের জনপদ পাবনায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল কমে গেছে। হঠাত্ তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী, ছিন্নমূল ও পদ্মা নদীর চরাঞ্চল এলাকার মানুষ। ঠান্ডাজনিত রোগে ভুগছেন শিশু ও বৃদ্ধরা।
ঈশ্বরদী আবহাওয়া অফিস পর্যবেক্ষক জানান, ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। শুক্রবার পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন ফুটপাতে শীতকাপড়ের দোকানগুলোতে।
মাগুরা প্রতিনিধি জানান, জেলায় প্রচণ্ড শীত পড়েছে । গতকাল সারাদিন সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। গরম কাপড়েও শীত নিবারণ হচ্ছে না। রাত বাড়ার সাথে সাথে শহর ফাঁকা হয়ে যাচ্ছে। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে।











