মাথায় আঘাত পেলে দ্রুত যা করবেন
স্বাস্থ্য ডেস্ক : সড়ক দুর্ঘটনা, ওপর থেকে পড়ে যাওয়া, খেলাধুলা কিংবা মারামারির কারণে মাথায় আঘাত লাগতে পারে। অনেক সময় সামান্য আঘাত মনে হলেও এর ফলে মস্তিষ্কে গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই মাথায় আঘাত পাওয়ার পর অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
চিকিৎসাবিজ্ঞানে মস্তিষ্কের আঘাতকে সাধারণত ফোকাল ও ডিফিউজ—এই দুই ভাগে ভাগ করা হয়। আঘাতের তীব্রতা অনুযায়ী এটি মৃদু, মাঝারি ও গুরুতর হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মাথায় আঘাতের ফলে তাৎক্ষণিকভাবে মস্তিষ্কের যে ক্ষতি হয়, তাকে প্রাইমারি ইনজুরি বলা হয়। অন্যদিকে, আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণ বা ফুলে যাওয়ার কারণে পরবর্তী সময়ে যে জটিলতা তৈরি হয়, তা সেকেন্ডারি ইনজুরি হিসেবে পরিচিত।
যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন
মাথায় আঘাতের পর কিছু উপসর্গ দেখা দিলে পরিস্থিতিকে জরুরি হিসেবে বিবেচনা করতে হবে। যেমন—
রোগী অজ্ঞান হয়ে যাওয়া বা চেতনা হারানো।
বারবার বমি হওয়া।
নাক বা কান দিয়ে রক্ত বের হওয়া।
নাক বা কান দিয়ে স্বচ্ছ তরল পদার্থ বের হওয়া।
রোগীর অবস্থার দ্রুত অবনতি হওয়া।
এসব লক্ষণ মস্তিষ্কে গুরুতর আঘাতের ইঙ্গিত হতে পারে। তাই দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।
মাথায় আঘাত পেলে তাৎক্ষণিক করণীয়
১. রোগী অজ্ঞান হয়ে গেলে বা গুরুতর লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।
২. রোগীর মাথা ও ঘাড় অযথা নাড়াচাড়া করা যাবে না। ঘাড়ে আঘাতের আশঙ্কা থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
৩. রোগীর শ্বাস-প্রশ্বাস ও চেতনার অবস্থা পর্যবেক্ষণ করতে হবে।
৪. রোগীকে নিজের মতো করে খাবার, পানি বা ওষুধ খাওয়ানো যাবে না।
৫. রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। প্রয়োজনে নিউরোসার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কীভাবে রোগ নির্ণয় করা হয়?
মাথায় আঘাতের পর রোগীর শারীরিক অবস্থা ও দুর্ঘটনার বিবরণ পরীক্ষা করে চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নেন। মস্তিষ্কে রক্তক্ষরণ বা অন্যান্য ক্ষতি শনাক্ত করতে সিটি স্ক্যান করা হতে পারে। পাশাপাশি ঘাড়ের হাড়ে আঘাতের আশঙ্কা থাকলে সার্ভিক্যাল স্পাইনের পরীক্ষা করা হয়।
গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ বা চাপ তৈরি হলে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।
দুর্ঘটনা প্রতিরোধেও সচেতনতা জরুরি
মাথায় আঘাতের ঝুঁকি কমাতে ট্রাফিক আইন মেনে চলা, মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি অনুসরণ করা জরুরি।
লেখক: অধ্যাপক ডা. হারাধন দেবনাথ
নিউরোসার্জারি বিশেষজ্ঞ
নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
চেম্বার: ল্যাবএইড হসপিটাল লিমিটেড, ধানমন্ডি, ঢাকা।











