ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা নেই। এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে হাইকোর্টের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এইচএসসি পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।
একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত।
কেন স্থগিত হয়েছিল ভর্তি পরীক্ষা?
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপার বক্তব্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। তাঁদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।
অথচ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর পরিকল্পনা ছিল। এতে পুনর্মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে রিটে যুক্তি দেওয়া হয়।
এই বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।
ভর্তি পরীক্ষার নতুন সূচি নিয়ে আলোচনা
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছে ইউজিসি। ওই বৈঠকে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি ১ জানুয়ারির পর ভর্তি আবেদনের কার্যক্রম শুরুর বিষয়েও আলোচনা হয়।
তবে ইউজিসির বৈঠকের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল।
আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশ আর কার্যকর থাকছে না।

এ জাতীয় আরও খবর