বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২২ নভেম্বর) গভীর রাতে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে তাকে আটক করা হয়। সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান আসলাম। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, আসলামের চূড়ান্ত গন্তব্য মালয়েশিয়া ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, ঢাকার অপরাধজগতের আলোচিত নাম সুইডেন আসলাম দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও আলোচনায় আসেন এই সাবেক শীর্ষ সন্ত্রাসী। এবার বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হলেন তিনি।