সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ করল হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ তৈরিতে চাকরিবিধি সংশোধনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আদালত জানিয়েছেন, চাকরিবিধিতে নতুন করে পদোন্নতির সুযোগ যুক্ত করা বা বিধি সংশোধনের জন্য সরকারকে নির্দেশ দেওয়ার এখতিয়ার আদালতের নেই। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নীতিনির্ধারণী বিষয়।
গত ২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি আদেশের পূর্ণাঙ্গ লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী বিচারিক পর্যালোচনার ক্ষমতা থাকলেও কোনো নির্দিষ্ট আইন বা চাকরিবিধি প্রণয়ন কিংবা সংশোধন করতে সরকারকে বাধ্য করতে পারেন না আদালত।
মো. মনিরুল ইসলামসহ কয়েকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেন। তাদের দাবি ছিল, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যকর বিধান নেই।
রিটে ২০২৬ সালের ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। ওই পরিপত্রে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা, নির্বাচন ও সুপারিশের পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল।
রিটকারীদের যুক্তি ছিল, এনটিআরসিএ আইন, ২০০৫-এর ১০ ধারায় নির্ধারিত ক্ষমতার আলোকে এ ধরনের পদ্ধতি ও মানদণ্ড নির্ধারণের জন্য যথাযথ বিধিমালা থাকা প্রয়োজন। তাদের মতে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রটি আইনি কর্তৃত্বের বাইরে জারি করা হয়েছে।
এ ছাড়া ১৯৭৯ সালের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলি সংক্রান্ত প্রবিধানমালা সংশোধন করে সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিধান যুক্ত করার নির্দেশনাও চেয়েছিলেন আবেদনকারীরা।
তবে হাইকোর্টের লিখিত আদেশে বলা হয়েছে, এনটিআরসিএ আইন, ২০০৫-এর ২১ ধারার ক্ষমতাবলে সরকার ২০২৫ সালে সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে। আদালতের মতে, ২৭ জানুয়ারির পরিপত্রটি ওই বিধিমালার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা এবং এতে বেআইনি কিছু পাওয়া যায়নি।
আদালত আরও উল্লেখ করেন, কোনো পদে সরাসরি নিয়োগ হবে নাকি পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, চাকরির কাঠামো কেমন হবে এবং পদোন্নতির সুযোগ থাকবে কি না—এসব সিদ্ধান্ত সংশ্লিষ্ট নীতিনির্ধারণী কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।
এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।











