ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য ১২ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম আরও জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সংযুক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাতজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুজন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন রয়েছেন।
প্রথম প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
অন্য প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে চার কর্মকর্তাকে। তাঁরা হলেন—পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তাঁদের এই সংযুক্তির মেয়াদ হবে দুই মাস।
সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, মাঠপর্যায়ে তদারকি এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











