এবার নান্দাইল দিঘিতে ধারণ হলো ‘ইত্যাদি’

news-image

অনলাইন প্রতিবেদক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে। জেলার কালাই উপজেলায় অবস্থিত সপ্তদশ শতাব্দীর ঐতিহ্যবাহী এই দিঘির পাশে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয় অনুষ্ঠানের মূল মঞ্চ।
নিজ জেলায় জনপ্রিয় এই অনুষ্ঠান ধারণকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শকদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
নতুন পর্বে থাকছে তিন ধরনের ভিন্নধর্মী সংগীত পরিবেশনা। এর মধ্যে জয়পুরহাটের সন্তান ও জনপ্রিয় সংগীতশিল্পী খুরশিদ আলমের গাওয়া তিনটি জনপ্রিয় গান নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ সংকলন।
এ ছাড়া নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও ইয়াসমিন মুশতারি। গানটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে তুলে ধরতে থাকছে বিশেষ নৃত্যগীত। এস কে জাহিদের পরিচালনায় এতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
এবারের পর্বে আরও থাকছে জেলার তিন বাকপ্রতিবন্ধী ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। পাশাপাশি দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের বিশেষ প্রতিভার গল্প তুলে ধরা হবে। তিনি ছাই ব্যবহার করে মাটির ক্যানভাসে অসাধারণ সব প্রতিকৃতি তৈরি করেন।
অনুষ্ঠানটি আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।