সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা
নিজস্ব প্রতিবেদক : সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে এখনো বন্ধ রয়েছে ৩১টি পোশাক কারখানা। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রাখা হয়েছে। বাকি ৯টি কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে।
এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলে উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করে হাজিরা দেওয়ার পর ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাঁদের ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
সংশ্লিষ্টদের আশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে দ্রুত সব কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু করা সম্ভব হবে।











