শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্বকের বয়স কমিয়ে ফেলুন ৫টি ঘরোয়া উপায়ে

news-image

কে না চায় নিজের ত্বককে আরো একটু সুন্দর আর সতেজ রাখতে? ত্বক থেকে বয়সের ছোপ দূর করতে চান সকলেই। তবে রোজ রোজ আর কার পক্ষে সময় খরচ করে পার্লারে যাওয়া সম্ভব? কজনই বা বাজারে কিনতে পাওয়া বয়স কমানোর প্রসাধনীগুলোর লোভনীয় টোপটা গিলতে পারেন? আর গিললেও সেগুলোর বেশিরভাগই বড় বড় বুলি ঝাড়লেও কাজের বেলায় কোন ফলাফলই দিতে পারেনা। এসব সমস্যার সমাধান হিসেবেই আজ জানানো হল ত্বকের বয়স কমানোর প্রাকৃতিক আর ঘরোয়া কিছু উপায়।

১. গাজর ও টমেটো গ্রহন গাজর ও টমেটো- দুটোতেই প্রচুর পরিমাণ বিটাক্যারোটিন মজুদ থাকে। আর বিটাক্যারোটিন শরীরে গিয়ে উত্পন্ন করে ভিটামিন এ। শুনতে ভালো লাগবে আপনার যে, এই রাসায়নিক দ্রব্যগুলো ত্বকের কোষসংখ্যা আর কোলাজেন নামক ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে দেয়। এছাড়াও শরীরে তৈরি করে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এতসব কারণে আপনার ত্বক থাকে বয়সের ছোপ থেকে একেবারেই মুক্ত।

২. ঘুমের ধরন বদলানো ঘুমোবার সময় যদি কেউ চিত হয়ে শোয় তাহলে স্বাভাবিকভাবেই তার মুখ কোনরকম চাপ থেকে দূরে থাকে। কিন্তু পাশ ফিরে বা কাত হয়ে ঘুমোলে কিন্তু সেটা একেবারেই সম্ভব নয়। আর বারবার পড়তে থাকা এই দাগ বা ভাঁজগুলোও কিন্তু আপনার ত্বককে ঠেলে দেয় বয়সের দ্রুত বলিরেখার দিকে । আর তাই ঘুমের অভ্যাসটা পাল্টান। চেষ্টা করুন মুখের ওপর চাপ না দিয়ে ঘুমানোর।

৩. লেবুজাতীয় খাবার গ্রহন লেবু একটি অতি উত্কৃষ্ট মানের অ্যান্টিঅক্সিডেন্ট। এর ভেতরে থাকা ভিটামিন সি আপনার ত্বককে করে তোলে বয়সের হাত থেকে একেবারেই মুক্ত। তবে কেবল লেবু খাওয়াই নয়, এটি ত্বকের ওপর প্রয়োগ করেও বয়সের ছাপ দূর করতে পারেন আপনি। এক্ষেত্রে লেবুর রস ত্বকের ওপরে মেখে ১৫ টা মিনিট অপেক্ষা করে দেখুন। তবে সবচাইতে ভালো হয় যদি এর সাথে খানিকটা মধুও মিশিয়ে নেন। সেক্ষেত্রে ২০ মিনিট পর্যন্ত ত্বকের ওপর ঘষে নিতে হবে মিশ্রণটি। দেখবেন এই সামান্য মিশ্রণটির অল্প একটু প্রয়োগই আপনার ত্বককে করে তুলবে একেবারে নতুন।

৪. অ্যাভোকাডো ও স্ট্রবেরী গ্রহন অ্যাভোকাডো ও স্ট্রবেরীর ভেতরে রয়েছে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি, যেটা কিনা ত্বকের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি ও ত্বককে নতুন রাখতে সাহায্য করে। এছাড়াও কোলাজেন তৈরিতে সাহায্য করে এ দুটি খাদ্য। সেই সাথে অ্যাভোকাডোর ভেতরে মজুদ থাকা স্নেহ কোলাজেনের ব্লক তৈরিতে সাহায্য করে। কেবল খাওয়ার মাধ্যমেই নয়, মুখে এর মিশ্রণ ব্যবহার করেও বেশ ভালো ফল পেতে পারেন বয়স্করা।

৫. প্রচুর পরিমাণ পানি পান প্রতিদিন আমাদের জানা-অজানায় শরীরের প্রচুর পানি বেরিয়ে যায় আর খরচ হয়। ফলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। যাতে এটা না হয় সেজন্যে রোজ অন্তত দুই লিটার করে পানি খাওয়া উচিত। অন্যথায়, শরীর নিজের সবগুলো অংশে পানি পৌঁছে দিতে পারবেনা। ফলে পর্যাপ্ত পানির অভাবে দ্রুত বয়স্ক হয়ে উঠবে কোষগুলো। বাড়বে চামড়ার বয়স।