শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাড়িতে ফিউশন!

news-image


কী শাড়ি কিনবেন? ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি, হ্যান্ড স্টিচ, হ্যান্ডপেইন্ট, স্ক্রিনপ্রিন্ট কিংবা পুঁতি চুমকি বসানো শাড়ি। কিন্তু এত ধরনের শাড়ি কি একসঙ্গে কেনা সম্ভব? কেমন হয় যদি এক শাড়িতেই পেয়ে যান সব কিছু! বাজার ঘুরে ফিউশন শাড়ি নিয়ে লিখেছেন তামান্না তাবাস্‌সুম 

ফিউশন শুধু গানের সুর কিংবা শিল্পীর ক্যানভাসে না, এখন শাড়ির জমিনেও। বহুজনের বিচিত্র পছন্দ এবার একসঙ্গে একশাড়িতে নিয়ে এসেছেন ডিজাইনাররা। অনেক ডিজাইন আর কয়েক রকম ফেব্রিকসের সমন্বয়ে ফিউশন শাড়ির ডিজাইন করেছেন তাঁরা। যে শাড়ি পরে আপনি ঘরোয়া অনুষ্ঠান থেকে করপোরেট পার্টি-সব কিছুই সামলাতে পারবেন অনায়াসে।

 

শাড়ির ফ্যাশনে ফিউশনে

ফিউশন, যার ছোঁয়ায় সাদামাটা ফেব্রিকসের শাড়িটা নানা ডিজাইনের সংমিশ্রণে হয়ে উঠে কোনো গল্প বলা ছবি। ফিউশন শাড়ি নিয়ে রঙের ডিজাইনার বিপ্লব সাহা বলেন, 'ফিউশন শাড়ি মানে শাড়িতে মাল্টিমিডিয়া ভ্যালু অ্যাড করা। শাড়ির লুক, ডিজাইন, স্পেস সব কিছু মিলিয়েই ঠিক করা কোথায় কোন কাজ হবে। তবে সেটা কোনোভাবেই জবড়জং করে নয়।' ফ্যাশন হাউসগুলোতেও দেখা গেল তেমন চিত্র। কুঁচিতে ছোট প্রিন্ট হলে, পাড়ে আলাদা লেস কিংবা এমব্রয়ডারি, আঁচলজুড়ে ব্লক, অ্যাপ্লিক, কারচুপি। অন্য দিকে যদি কুঁচি জমকালো হয়, তাহলে আঁচল আর পাড় হালকা থাকছে। কুরুশকাটা দিয়ে কনট্রাস্ট রঙের কাপড় জোড়া লাগানো, সঙ্গে লেস, অ্যাপ্লিক করা শাড়িগুলো। নান্দনিক আঁচল ফিউশন শাড়িগুলোতে যোগ করেছে বাড়তি মাত্রা।

শাড়িতে ফিউশন!2

অঞ্জন'সের ডিজইনার শাহীন আহম্মেদ জানালেন, 'সোজা ভাষায় ফিউশন শাড়ি হলো একের মধ্যে অনেক। তবে শাড়িতে থিম ও ডিজাইনে সমন্বয় থাকে। শুধু মাধ্যম বদলে যায়। একটা পুরো ডিজাইনই অনেক মাধ্যম মিলিয়ে করা হয়। কিছু ডিজাইন হুট করে আলাদা করা যায় না। একই শাড়িতে এক নকশায় কাজের বৈচিত্র্য থাকে। খুব সূক্ষ্ম নকশাতেই তৈরি হয় ফিউশন শাড়ি। রঙের বৈপরীত্য, শেডের অসাধারণ ব্যবহার, নিপুণ কারুকাজ কিংবা ডিজানের বৈচিত্র্য হলো এ শাড়ির বৈশিষ্ট্য।'

স্টুডিও এমদাদের ডিজাইনার এমদাদ হক বলেন, 'নিখুঁত কাজ আর আধুনিক নকশায় করা ফিউশন শাড়িগুলো অনেক দিন রাজত্ব করবে। ডিজাইনে যেমন নতুনত্ব আছে, তেমনি দুই-তিনটি ফেব্রিকস একই শাড়িতে ব্যবহৃত হয়েছে। ফলে শাড়ির গতানুগতিক ধারা থেকে অনেক দিন পর পরিবর্তন এসেছে।'

 

রঙের ঋতু

সিল্ক, সুতি, হাফসিল্ক, মসলিন, জামদানি-সব শাড়িতেই হচ্ছে ফিউশনের কাজ। পছন্দ আর চাহিদার সমন্বয় পাবেন এসব শাড়িতে। শীতে গাঢ় রং আদর্শ। রোজকার ব্যবহারের জন্য সুতি বা অ্যান্ডি সিল্ক মানানসই। উৎসব, দাওয়াত কিংবা জমকালো অনুষ্ঠানের ক্ষেত্রে বেছে নিন সিল্ক, মসলিন, তসর কিংবা হাফসিল্কের ফিউশন শাড়ি। পুঁতি, ডলার, রঙিন পাথর, ভেলভেট পাড়, কুঁচিতে নেট বা সিল্কসহ ভারী অ্যাপ্লিকের কাজ করা এ শাড়িগুলো জমকালো অনুষ্ঠানে পরার উপযোগী।

বিবর্ণ শীতে রঙের ছোঁয়া লাগাতে প্রস্তুত হোন ফিউশন নিয়েই। সাদাকালোর ডিজাইনার তাহসীনা শাহীন বললেন, 'কম উচ্চতা যাঁদের, তাঁরা চওড়া পাড় আর বড় নকশার শাড়ি এড়িয়ে চলুন। যাঁদের উচ্চতা বেশি, তাঁরা ছোট ছোট নকশা আর চিকন পারের শাড়ি পরবেন না।'

3

তৈরি করুন ফিউশন শাড়ি

চাইলে শাড়িতে নিজেই পছন্দমতো ডিজাইন করুন। প্রথমে ফেব্রিকস ঠিক করুন। গজ কাপড়ের বাজারে আছে নেট, জর্জেট সিল্ক, অ্যান্ডি তসর, কাতানসহ সব রকমের কাপড়ের বিশাল সমাহার। এক বা একাধিক ফেব্রিকস ব্যবহার করতে পারেন। কুঁচি আর আঁচল আলাদা কাপড় দিয়ে কনট্রাস্ট করা যেতে পারে। আবার একরঙা আর ফ্লোরাল প্রিন্ট মিলিয়েও বানাতে পারেন আলাদা কুঁচির শাড়ি। আঁচলে হাতের কাজ করতে পারেন। শাড়িজুড়ে ছোট পুঁতি চুমকি কুরুশকাঁটার কাজও থাকতে পারে। শাড়ি জমকালো বানাতে এমব্রয়ডারি, ব্লক, অ্যাপ্লিক করিয়ে নিন। নেট, লেস, ভেলভেট, স্টোনের স্টিকার বসাতে পারেন পাড়জুড়ে। পরিশ্রম ও খরচ দুটোই খানিকটা হবে, তবে আপনি পাবেন সম্পূর্ণ আলাদা ডিজাইনের ফিউশন শাড়ি, সেই সঙ্গে নিজের শাড়ি নিজে ডিজাইন করার ভালো লাগা।

শাড়িতে ফিউশন!

ব্লাউজটা সাদামাটা

ফ্যাশন হাউস কে ক্রাফটের ডিজাইনার নাদিরা ফেরদৌসী বলেন, ' ব্লাউজে কোনো রকম এক্সপেরিমেন্ট চলবে না। ফিউশন শাড়ির সঙ্গী ব্লাউজ হবে একদম সাদামাটা ডিজাইনের। শাড়ির সঙ্গে মিলিয়ে কিংবা কনট্রাস্টে গিয়ে একরঙের ব্লাউজ পরতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য পাবে ছিমছাম কাট। চাইলে ছোট প্রিন্টের ব্লাউজ বানিয়ে নিতে পারেন। ব্লাউজের হাতায় শাড়ির পাড়ের ডিজাইন থাকতে পারে।

ফিটিং ফুলস্লিভ, থ্রি কোয়ার্টার, স্লিভলেস আর বড় গলার ব্লাউজই ফিউশন শাড়ির সঙ্গে পরতে পারেন।

 

অনুষঙ্গ

ফিউশন শাড়ির সঙ্গে মানানসই গয়না নিয়ে গয়নার ডিজাইনার লাইলা খাইর কনক বললেন, 'গয়নাগাটি হবে একদমই ছিমছাম। গা-ভর্তি ভারী গয়না একদমই না। এতে শাড়ি-গয়না মিলে বেশ জবড়জং দেখাবে। শাড়ির পাড়ে কাজ থাকলে গলা খালিই রাখুন। কানে একটা ভারী দুল বা ঝুমকা থাকতে পারে। পাড় ও আঁচলে সাদামাটা কাজ থাকলে গলায় পরতে পারেন এন্টিক, স্টোনের হালকা কোনো নেকপিস কিংবা ঝোলানো মালা। হাতে থাকুক দু-একটি মোটা বালা বা চুড়।'

 

দরদাম

অঞ্জন'স, বিশ্ব রঙ, বিবিয়ানা, স্টুডিও এমদাদ, সাদাকালোসহ প্রায়ই সব ফ্যাশন হাউসেই পাবেন ফিউশন শাড়ি। দরদাম নির্ভর করছে শাড়ির ফেব্রিকস আর ডিজাইনের ওপর। সুতি ফিউশন শাড়িগুলোর দাম শুরু হয় দুই হাজার থেকে। জমকালো সিল্ক, হাফসিল্ক, তসর, মসলিন কিংবা জামদানির ফিউশন শাড়ির দাম ছয় হাজার থেকে ২০ হাজারের মধ্যে।