ফিটনেস গুরু জিলিয়ান মাইকেলসের কিছু টিপস
স্বাস্থ্য ডেস্ক : ফিটনেস গুরু জিলিয়ান মাইকেলস একজন মার্কিন প্রশিক্ষক, ব্যবসায়ী, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। আমেরিকার লস এ্যাঞ্জেলসে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। ৪১ বছর বয়সী এই ফিটনেস উদ্যোক্তা এনবিসি টেলিভিশনে ‘দ্য বিগেস্ট লুজার এ্যান্ড লুজিং ইট উইথ জিলিয়ান’ শিরোনামের একটি শো পরিচালনা করেন। এ ছাড়া ‘দ্য ডক্টরস’ টকশো উপস্থাপনা করেন।
চলতি বছরের শেষদিকে স্পাইক টিভিতে ‘সোয়েট, ইনসি.’ শিরোনামের একটি অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ২০১৬ সালে তার নতুন ডকুমেন্টারি সিরিজ ‘জাস্ট জিলিয়ান’ প্রচারিত হবে। দুই সন্তানের জননী জিলিয়ান ‘হট মম, হেলদি বেবি’ শিরোনামের একটি বই লেখা নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি হেলথ ডটকম তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। চলুন দেখা যাক ফিটনেস নিয়ে তার কী কী পরামর্শ রয়েছে।
নিজের ব্যাপারে জিলিয়ান বলেছেন, ‘আমি ২০ বছর বয়সে যা করতাম, এখন তার চেয়েও বেশি শরীরের যত্ম নিই।’ জুলিয়ানের খাবারের তালিকায় রয়েছে বাদামি অর্গানিক চালের কেক, শুষ্ক মাংসের কাবাব, লবণ দেওয়া কাজুবাদাম ও শিকড়জাতীয় উদ্ভিদের চিপস।
প্রতিবেদক : আমার মনে হয় আপনি গ্রিল করা মুরগি খান না-
জিলিয়ান : আমি মাংস খুব কম খাই। আমি সপ্তাহে এক দিন ঘাস খাওয়া গরুর মাংস খাই। এ ছাড়া ফার্মের চিংড়ি, সামুদ্রিক স্যামন ও টুনা মাছ খাই। আমি দেখছি, আমাদের খাদ্যনীতি এবং খাদ্য গ্রহণের ধরণ কীভাবে পৃথিবীটাকে ধ্বংস করছে। এমনকি ঘাস খাওয়া গরুর মাংসও আমাদের জন্য ক্ষতিকর। অথচ আমরা সমুদ্রের মাছ শেষ করে ফেলছি।
প্রতিবেদক : আপনি কি রান্নাবান্না করেন?
জিলিয়ান : অবশ্যই আমি রান্না করি। আমি বেশ ভাল রাঁধুনি। তবে অনেক সময়ই আমি নির্দিষ্ট কিছু রেস্টুরেন্টে খাই যেখানে আমার চাহিদামতো খাবার পাওয়া যায়। আমি যত বেশি পরিশ্রম করি তত বেশি কার্বোহাইড্রেড বা শর্করা খাই। তবে আমি সরাসরি চিনি খাওয়া বাদ দিয়েছি।
প্রতিবেদক : এমন কোনো খাদ্যনীতি রয়েছে যা সবার মেনে চলা উচিত বলে মনে করেন?
জিলিয়ান : আমি তেমনটা মনে করি না। তবে আমি যেটা মনে করি, সেটা হলো- অতিরিক্ত খাবেন না এবং যতদূর সম্ভব কেমিক্যাল (রাসায়নিক পদার্থ) খাওয়া এড়িয়ে চলুন।
প্রতিবেদক : লোকজন সব সময় জানতে চায় কোন পদ্ধতিটি শরীরের জন্য ভাল। এমন কোনো একক পদ্ধতি আছে কি?
জিলিয়ান : লোকজন সব সময় সহজ সমাধানের কথা ভাবে। সত্যি কথা, লোকজনের ফিটনেসের বিষয় নিয়ে অনেক লোক ব্যবসা করে এবং ম্যাজিকের মতো সমাধান বলে দেয়। যেমন- এটি ছাড়া যা মন চায় খাবেন আপনার ওজন কমে যাবে; আবার যা মন চায় খাবেন তবে অমুক সময়ে খাবেন না কিংবা ব্যায়াম করুন সব ঠিক হয়ে যাবে। এর একটিও সত্য কথা নয়। আবার ব্যায়ামের মাধ্যমে আপনি শরীরের কয়েক ধরনের ক্ষতি করতে পারেন। এক. অতিরিক্ত ব্যায়ামের কারণে আহত হতে পারেন। দুই. ব্যায়াম আপনার শরীর মানিয়ে নিলে পরে আর কোনো ফল পাওয়া যাবে না। তিন. আপনি শরীরের জন্য অসামঞ্জস্যতা তৈরি করতে পারেন।
আর যদি চিকিৎসকের কথা বলেন, তাহলে আমি অনেকগুণ দূরে থাকব। এ রকম সিদ্ধান্ত নিলেন তো কাউকে মেরে ফেলার পথ বেছে নিলেন।
প্রতিবেদক : তাহলে উপায় কী?
জিলিয়ান : এর জন্য মূলত বৈচিত্র্যতা ও তীব্রতা দরকার, যা শুনে আপনার কাছে ফান মনে হতে পারে আবার নাও হতে পারে। শরীরচর্চার ক্ষেত্রে আপনার পেশীগুলোকে যতটা সম্ভব বিভিন্ন এ্যাঙ্গেল থেকে নাড়ান বা কাজে লাগান। আর এটি কত গতিতে করবেন তার সঙ্গে হৃদকম্পনের সম্পর্ক রয়েছে। সুতরাং অল্প সময় ধরে করলে তীব্রতা বাড়াবেন আর বেশি সময় নিয়ে করলে তীব্রতা কমাবেন।
প্রতিবেদক : আপনি কি মনে করেন, নারীদের বয়স যেমন ৩০, ৪০ কিংবা ৫০ অনুযায়ী অনুশীলনের ধরণ পরিবর্তন করা উচিত?
জিলিয়ান : হাসলেন।
প্রতিবেদক : এটি কি বিরক্তিকর প্রশ্ন?
জিলিয়ান : আবারও হাসলেন। না, আপনার এই প্রশ্নে আমি খুশি হয়েছি কারণ এর মাধ্যমে প্রথা/রীতি ঘোচানো যাবে। অনেক লোক মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত দুর্বল হয়ে যাচ্ছি, এটি কি ঠিক? আপনার শরীরকে একটি গাড়ির সঙ্গে তুলনা করুন। ধরুন, আপনি একটি গাড়ি বাইরে রাখলেন এবং এর জ্বালানি, স্পার্ক প্লাগ ও রং পরিবর্তন করলেন না। ১০ বছর পর গাড়িটি কি আগের মতো থাকবে? না, কখনো না। আমি ২০ বছর বয়সে যে প্রশিক্ষণ দেই ৪০ বছরে তার চেয়ে কঠিন প্রশিক্ষণ দেই।
প্রতিবেদক : আপনার মতে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি কী?
জিলিয়ান : সত্যি কথা বলতে কী, ক্যান্সার। হৃদরোগ, হাড়ের ক্ষয় রোগ ও ডায়াবেটিসকে আমি এড়িয়ে চলি। তবে কিছু কিছু বিষয় রয়েছে যা নিয়ন্ত্রণের বাইরে।











