শান্তির বারতা নিয়ে আসছেন অসুরবিনাশী দুর্গা
দিকে দিকে চলছে মৃত্যুর নির্মম মহোৎসব। লাইটপোস্টের সঙ্গে বেঁধে পিটিয়ে কিংবা পাইপ দিয়ে শরীরে বাতাস ঢুকিয়ে নজিরবিহীনভাবে খুন করা হচ্ছে শিশু-কিশোরকে। পৃথিবীর আলো দেখার আগেই মায়ের পেটে গুলিবিদ্ধ হচ্ছে শিশু। আবার ভাগ্যের অন্বেষণে নৌকায় করে সাগর পাড়ি দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে হতভাগ্য মানবসন্তান।
আসুরিক শক্তির উত্থানে আজ অসহায় মানবজাতি। কে তাদের রক্ষা করবে ? কে বিনাশ করবে সেই অসুরকে ? আছেন শক্তিরূপিণী মা দুর্গা। অসুরের বিনাশ ঘটিয়ে মা ধরাধামে নিয়ে আসবেন শান্তির বারতা।
বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপে এবার বিপন্ন মানবতার বিরুদ্ধে শক্তিরূপিণী মা দুর্গার আরাধনা এবং দেবীর আর্শীবাদে শ্বাশ্বত শান্তির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। চিরন্তন পূর্জাঅর্চনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হওয়া ‘থিমের’ মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি মাটির প্রতিমা এবং আলোকায়নের মাধ্যমে তুলে ধরার প্রয়াস চলছে এসব পূজামণ্ডপপে
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে এখন চলছে শেষ মুহুর্তের দুর্গাপূজার প্রস্তুতি। মঞ্চসজ্জা, রংতুলিতে প্রতিমাকে জীবন্ত করে তোলার কাজ চলছে সমান তালে। ডেকোরেশন, লাইটিংয়ের কাজও শুরু হয়ে গেছে।
১৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২২ অক্টোবর বিজয়া দশমী।
‘মা’
অসহায়, বিপন্ন মানুষের কান্না, ভক্ত-ঋষির আবাহনে কি বসে থাকতে পারেন মা ! তাদের মাথায় ছায়া দিতে আসছেন মা। মানবতার বিরুদ্ধে অপরাধ করে যারা পার পেয়ে যাচ্ছে তাদের দমন করবেন মা। মমতাময়ী আবার শক্তিরূপিণী মা- এই প্রতিপাদ্য নিয়েই এবার দুর্গাপূজার আয়োজন করেছে টেরিবাজার বাই লেইন পূজা উদযাপন পরিষদ।
১২ লক্ষ টাকা বাজেটের এই পূজায় দেবদেবীর প্রতিমার পাশাপাশি তিনটি অতিরিক্ত মূর্তিতে দেখানো হচ্ছে বিপন্ন মানবতার চিত্র। মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ, সিলেটে রাজন হত্যা এবং খুলনায় বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যার চিত্র তুলে ধরা হয়েছে সেখানে।
টেরিবাজার বাই লেইন পূজা উদযাপন পরিষদের প্রকাশনা সম্পাদক আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার বাংলানিউজকে বলেন, দেশে শিশু নির্যাতন বেড়ে গেছে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় আইনের হাত থেকে হয়ত পেয়ে যাচ্ছেন, কিন্তু একজন আছেন যাঁর হাত থেকে রক্ষা নেই। তিনি মা দুর্গা। আরাধনায় মা জাগ্রত হয়ে দমন করবেন অসুররূপী সেসব মানবকে। লাইটিংয়ের মাধ্যমে বিষয়টি পূজার সময় চিত্রায়িত করা হবে।
তিনি জানান, ১২ লক্ষ টাকা বাজেটের মধ্যে তারা শুধুমাত্র প্রতিমা নির্মাণ, মঞ্চ ও আলোকসজ্জায় ব্যয় করছে আট লক্ষ টাকা। রাজবাড়ি জেলার উত্তম পাল এবার তাদের প্রতিমা নির্মাণ করছেন। আর তাদের থিম নির্ধারণ করেছে কাল্পনিক ইভেন্টস।
সাগরে ভাসমান মানুষ, বিপন্ন মানবতা
ভাগ্যের অন্বেষণে সমুদ্রপথে অবৈধভাবে নৌকায় কিংবা ট্রলারে করে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের পথে পাড়ি দিচ্ছে মানুষ। মাঝসাগরে নৌকাডুবে প্রাণ হারাচ্ছে তারা। অথবা দালাল নিজেই ডুবিয়ে দিচ্ছে নৌকা। অসহায় এসব মানুষের কান্না শুনে কি স্থির থাকতে পারেন মমতাময়ী মা দুর্গা ? না, মা এসে ঠিকই উদ্ধার করবেন তার ভক্তদের।
নগরীর হাজারী লেইন পূজা উদযাপন পরিষদ তাদের মন্ডপে তুলে ধরেছে এই চিত্র।
হাজারী লেইন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কাউন্সিলর জহরলাল হাজারী বাংলানিউজকে বলেন, মঞ্চের সামনে থাকবে পানি, লাইটিংয়ের মাধ্যমে সমুদ্রের আবহ সৃষ্টি করা হবে। সেখানে ভাসমান তরী, ডুবন্ত মানুষ। হঠাৎ আর্বিভূত হবেন মা দুর্গা, উদ্ধার করবেন বিপন্ন মানুষকে।
১৫ লক্ষ টাকা বাজেটের এই পূজায় দেড় লক্ষ টাকা দিয়ে প্রতিমা নির্মাণ করেছেন হাজারী লেইনের মৃৎশিল্পী গৌতম পাল হাজারি। প্রতিপাদ্য নির্ধারণ করেছেন সঞ্জয় নাথ। আর আলোকসজ্জায় আছেন যীশু আইচ।
জহরলাল হাজারী জানান, এবার মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানানো হয়নি। প্লাস্টিক ফাইবার দিয়ে প্রতিমা বানানো হয়েছে যা চট্টগ্রামে প্রথম।
বাহুবলিও আসছে
ভারতের বিখ্যাত সিনেমা ‘বাহুবলি’, গেছে অস্কার প্রতিযোগিতায়ও। জনপ্রিয় বাহুবলির শক্তিমত্তা দুর্গাপূজার মঞ্চে দেখাবে চট্টগ্রাম সিটি করপোরেশন। বাহুবলিকে তারা চিত্রিত করেছে শক্তিরূপিণী মা দুর্গার শক্তিমান সন্তানের মত করে।
চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদযাপন পরিষদের কার্যকরী সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, চন্ডীপূরাণ মতে মা দূর্গা প্রতিদিন ঝর্ণা থেকে পানি এনে স্বামী মহাদেবকে স্নান করাতেন। ছেলে ভাবল, মায়ের খুব কষ্ট। মায়ের কষ্ট লাঘবে ছেলে নিজেই বিশালাকৃতির মহাদেবকে মাথায় করে ঝর্ণার কাছে নিয়ে গেলেন। সেই ছেলেই হচ্ছে বাহুবলী। অসুর শক্তির বিনাশে এটা প্রতীকী শক্তির আরাধনা।
নগরীর রহমতগঞ্জে কুসুমকুমারি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বানানো হয়েছে সিটি করপোরেশনের পূজার মন্ডপ। প্রবেশপথেই সুবিশাল বটগাছ আর তার শেকড়। শেকড়ের ফাঁক গলে বেরিয়েছে নানা প্রজাতির ফুল, আগাছা, পরগাছা। সেই বটগাছের ছায়ায় বয়ে চলা শান্ত হ্রদের জলে চরে বেড়াচ্ছে পাতিহাঁস। প্রবেশপথেই বিশালাকৃতির মহাদেবের মূর্তি। দূরে ঝর্ণার ধারে বসে আছেন দুর্গা। বাহুবলী মাথায় করে মহাদেবকে নিয়ে যাবেন ঝর্ণায়। আলোকায়নের মাধ্যমে এই চিত্র দেখানোর এখন জোর প্রস্তুতি ওই মন্ডপে।
বিপ্লব কুমার চৌধুরী জানালেন, এবার তারা বাজেট ধরেছেন ২৫ লক্ষ টাকা। প্রতিমা বানাচ্ছেন দেওয়ানজী পুকুর পাড়ের রতন পাল।
শ্বাশত শান্তি
যজ্ঞে বসেছেন ঋষিরা। অসুর এসে সেই যজ্ঞ ভন্ডুল করে দেবে। শুরু হবে চারদিকে অসুরের উত্থান। তান্ডব, আগুন। ঋষিরা মা দুর্গার আরাধনায় বসবেন। অবশেষে মা আসবেন, দেবেন শান্তির বার্তা।
শ্বাশ্বত শান্তির সেই বার্তা নিয়ে এবার দুর্গাপূজার আয়োজন করেছে খলিফাপট্টি পূজা উদযাপন পরিষদ। নগরীর খলিফাপট্টিতে এ পূজার বাজেট ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা। ফরিদপুরের গোবিন্দ পাল প্রতিমা বানাতে নিচ্ছেন চার লক্ষ টাকা।
পরিষদের সাধারণ সম্পাদক কুমারেশ ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, আমাদের মন্ডপে এবার তিনটি দুর্গা প্রতিমা থাকবে। এর মধ্যে একটি মাটির, দু’টি লোহার স্ট্রাকচারের। মাটির মূর্তি স্থির থাকবে। লোহার স্ট্রাকচারের মাতৃমূর্তি ব্যবহৃত হবে অসুর দলনে।
ফেসবুকভিত্তিক ‘ক্রিয়েশন অব মাই মাইন্ড’ এবার খলিফাপট্টির পূজার থিম নির্ধারণ করেছে বলে কুমারেশ জানান।
পদ্মসরোবরে দেবী আবাহন
মানবগাছে ঘেরা পূজামন্ডপ। গাছের নিচে বসে বসে দেবী দুর্গার আরাধনা করছেন ঋষিরা। মঞ্চের বিভিন্ন পাশ থেকে একসঙ্গে জ্বলে উঠবে সাতটি লাইট। অসুর এগিয়ে এসে গাছে গাছে দুর্গাকে। ঋষির আরাধরা ভন্ডুল করতে চাইবে। তখন মঞ্চের শীর্ষে বসে থাকা মহাদেব জলসিঞ্চনের মধ্য দিয়ে পদ্মসরোবর থেকে দেবীকে নিয়ে আসবেন মর্ত্যধামে। দেবি অসুর বধ করবেন।
পূর্ব গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠীর সদস্য তুষার দে তাদের মন্ডপের এবারের আয়োজনের বর্ণনা দিয়েছেন এভাবে। তিনি জানান, তাদের ২০ লক্ষ টাকা বাজেটের মধ্যে প্রতিমা নির্মাণেই ব্যয় হচ্ছে সর্বোচ্চ। ফরিদপুরের উত্তম পাল এবার প্রতিমা নির্মাণ করেছেন।
নগরীর প্রধান প্রধান এসব মন্ডপের বাইরে দক্ষিণ নালাপাড়া, উত্তর কাট্টলী, চান্দগাঁও, ঘাটফরহাদবেগসহ আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিপাদ্য তুলে ধরে পূজার আয়োজন করা হয়েছে।
ঘরোয়া পূজা ছাড়া নগরীতে এবার ২২৯টি মন্ডপে দুর্গাপূজা হবে। আর জেলায় এক হাজার ৫০৩টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।











