রামগতিতে ইলিশ শিকারি ২২ জেলে আটক, নৌকা-জাল জব্দ , ঈশ্বরগঞ্জে আইএসের পোস্টার লাগানোর সময় যুবক আটক
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার সময় ২২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৮ হাজার মিটার নিষিদ্ধ জাল, ৫টি নৌকা ও বেশ কয়েকটি মা ইলিশ জব্দ করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা নদীর টাংকির ঘাট ও সুইজ খালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. সিরাজ (২২), আয়ুব নবী (১৮), এনাম হোসেন (২৭), আবদুল করিম (১৮), মো. রাশেদ (২২), মো. সবুজ (২৩), আবদুর রহিম (২৭), মো. রিপন (২৫), উসমান গণি (১৯), আলাউদ্দিন (২৫), নবীর হোসেন (২১), মো. জুয়েল (১৮), মো. সেলিম (২৫), শাহাদাত হোসেন (২২), মো. হারুন (৩০), রিয়াজ উদ্দিন (২৬), রবি আলম (২৩) মো. শাহিদ (১৮), আকবর হোসেন (১৮), রায়হান (১৯), আবদুল হালিম (১৯) ও ইউছুফ (২২)। তাদের প্রত্যেকের বাড়ি রামগতি উপজেলার বিভিন্ন এলাকায়।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বলেন, নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ৮ হাজার মিটার জাল, ৫টি নৌকা ও ২০টি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১শ' কিলোমিটার এলাকায় মাছধরা যাবে না। পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
ঈশ্বরগঞ্জে আইএসের পোস্টার লাগানোর সময় যুবক আটক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী স্কুল অ্যান্ড কলেজে আইএসের প্রচারপত্র (পোস্টার) লাগানোর সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃত যুবকের নাম মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন যুলকার নাইন। সে আঠারবাড়ী ইউনিয়নের ফতেনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আঠারবাড়ী ইউনিয়নের ফতেনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন যুলকার নাইন ওরফে কিং ফয়সাল আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আজ শুক্রবার সে জঙ্গি সংগঠন আইএসের সমর্থনে সোহাগী স্কুল অ্যান্ড কলেজে প্রচারপত্র লাগায়। মধ্যপ্রাচ্যের ডাক শিরোনামে কয়েকটি কবিতা সম্বলিত প্রচারপত্র দেয়ালে লাগানোর সময় সোহাগী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন অল রশিদ ও স্থানীয় এলাকার লোকজন তাকে আটক করে। পরে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন জানান, মোহাম্মদ ফাহিম আল ফয়সাল আইএসের সদস্য কিনা সে বিষয়ে তদন্ত চলছে। তাকে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











