মেহেরপুরে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
মেহেরপুর সদর থেকে ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রাক আটক করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রাম থেকে শাড়িবোঝাই ট্রাকটি আটক করা হয়। তবে এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা এই শাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, মুজিবনগর সীমান্ত এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় শাড়ি নিয়ে একটি ট্রাক ঢাকা রওনা হয়। মেহেরপুর শহর পাড় হওয়ার সময় পুলিশের এটিএসআই আনছার আলীর ট্রাকটি দেখে সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছু নেন। ট্রাকচালক এ সময় গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে এক পর্যায়ে আমঝুপি গ্রামের একটি গলির ভেতর ট্রাক ফেলে চালক, হেলপার ও চোলাচালানীরা পালিয়ে যায়। সেখান থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।











