মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ এখন উদাহরণ
বিশ্বের যে কয়েকটি দেশ জাতিসংঘ ঘোষিত মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, বাংলাদেশ তার অন্যতম। এমডিজি অনুযায়ী, বিশ্বের দেশগুলোতে ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ২০০০ সালের তুলনায় তিন-চতুর্থাংশ কমাতে হবে। কিন্তু ২০১৫ সালে এসেও অনেক দেশ তাদের অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে আনতে পারেনি। তবে বাংলাদেশে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বলা যায়, মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ এখন বিশ্ব উদাহরণ।এদিকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) অনুযায়ী ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৪ ভাগের ৩ ভাগ ও নবজাতকের মৃত্যুর হার ৩ ভাগের ২ ভাগ কমিয়ে আনতে হবে। ২০১৫ সাল শেষ হওয়ার আগেই সে লক্ষ্যে পৌঁছানোর কথা বলছে সরকার।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাব মতে, দেশে বর্তমানে প্রসবজনিত মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৭০ জন। প্রতি বছরই প্রায় ১২ হাজার মা প্রসবজনিত জটিলতার কারণে মারা যান। ১৯৯০ সালে মৃত্যুর এই হার ছিল লাখে ৫৭৪ জন। ২০০১ সালে এটা কমে দাঁড়ায় লাখে ৩২২ জনে। ২০০৬ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ২ দশমিক ৭৫ শতাংশ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তখন দেশে মাতৃমৃত্যুর হার ছিল লাখে ৩২০ জন। যা ২০১০ সালে এসে দাঁড়ায় ১৯৪ জনে। গত বছর ২০১৪ সালে ওই হার ছিল লাখে ১৭০ জন। ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে মাত্রা স্থির করেছে সরকার। এটা সম্ভব হলে মাতৃমৃত্যুর হার নেমে আসবে লাখে ১৪৩ জনে।
২০০১ সালে বাংলাদেশের মাত্র ৯ ভাগ গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় চিকিৎসক ও পেশাদার ধাত্রীর সহায়তা নিতেন। ১০ বছরের মধ্যে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ শতাংশ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ২০১৫ সালের মধ্যে শতকরা ৫০ ভাগ গর্ভবতী নারীই সন্তান প্রসবের সময় আধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণ করবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার সমকালকে বলেন, বর্তমান সরকার চাচ্ছে মাতৃমৃত্যুর হার ৩.৮ শতাংশ থেকে কমিয়ে ২০২১ সালের মধ্যে ১.৫ শতাংশে নামিয়ে আনতে। এ উদ্যোগ বাস্তবে রূপ নিলে মাতৃমৃত্যুর হার অবশ্যই কমে আসবে। তবে এর জন্য বিজ্ঞানসম্মত প্রসূতি সেবাদানের পাশাপাশি অশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন দেশের মানুষকে সচেতন করে তুলতে হবে। নারীদের মধ্যে শিক্ষা বাড়াতে হবে। চিকিৎসাসেবা সবার দ্বারে দ্বারে পেঁৗছে দিতে হবে। বাল্যবিয়ে রোধ করতে হবে। এক্ষেত্রে গ্রাম, উপকূলীয় ও পার্বত্য অঞ্চলকে প্রাধান্য দিতে হবে।
মাতৃমৃত্যু রোধে এমডিজি অর্জনে সক্ষম দেশগুলোর ক্ষেত্রে দেখা গেছে, যেসব দেশে প্রসবকালীন দক্ষ সেবা ব্যবস্থাপনা রয়েছে, সে সব দেশে মাতৃমৃত্যু অনেক কমে গেছে। বাংলাদেশ এ ক্ষেত্রে অগ্রগতি দেখালেও প্রসবকালীন দক্ষ সেবা ব্যবস্থাপনার অভাব রয়েছে। বেসরকারি সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী, বর্তমানে শতকরা ১৫ ভাগ প্রসব বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে হয়ে থাকে। বাকি ৮৫ ভাগ বাড়িতে অদক্ষ দাই অথবা নিকটাত্মীয়ের দ্বারা হয়। গ্রামাঞ্চলের ৯০ ভাগ মহিলার প্রসব এখনও হয়ে থাকে সনাতনি দাইমা অথবা আত্মীয়-স্বজনের সাহায্যে। এছাড়াও কিশোরী মায়ের মৃত্যুহার প্রতি হাজারে ৬ জন। নগর ও গ্রামাঞ্চলে এ মাতৃত্বজনিত মৃত্যুর অনুপাত ৮৬.১০০। দেশের পার্বত্য অঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। এসব জায়গায় স্বাস্থ্যকেন্দ্র অনেক দূরে। সেখানেও সহজে ডাক্তাররা থাকেন না। তাই এসব এলাকার ৯০ ভাগ শিশু ধাত্রীদের হাতে গৃহেই জন্ম নেয়। এসব এলাকায় মাতৃ ও শিশুর মৃত্যুর হার অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি।
ইউএসএইড ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ইম্পিল্গমেন্টেশনের আওতায় এক গবেষণায় দেখা গেছে, দেশের বিভিন্ন পৌর এলাকাতে রাস্তাঘাট ও অবকাঠামো সমস্যার জন্য হাসপাতালে যেতে পারছে না অনেক নারী। হাসপাতালে পেঁৗছলেও ডাক্তার না থাকার কারণে মিলছে না চিকিৎসাসেবা। আবার অনেকে পুরুষ ডাক্তারের হাতে প্রসব করাতেও রাজি হয় না। এমনকি তারা মেয়েদের হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারেও বাধা দেয়। গ্রামীণ জনপদ ও চরাঞ্চলের অবস্থা আরও খারাপ। এসব জায়গায় নেই কোন স্বাস্থ্যকেন্দ্র। থাকলেও সেখানে ডাক্তাররা থাকতে চান না। ফলে কেউ অসুস্থ হলে স্থানীয় ওঝা, ফকির বা হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হয়। এসব এলাকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা থাকেন পৌর এলাকায়। এনজিওগুলোও শহর এলাকায় কাজ করে। ওষুধ দোকানিই এখানে 'ডাক্তার' নামে পরিচিত।
নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সমকালকে বলেন, অধিকাংশ নারী তার গর্ভকালীন অথবা সন্তান প্রসবকালে কোনো চিকিৎসকের সঙ্গে আলাপ করার ক্ষেত্রে দ্বিধায় ভোগেন। তারা নানা ধরনের জটিলতায় ভুগলেও চিকিৎসকের কাছে যেতে নিরুৎসাহিত হন। বাংলাদেশে মাতৃ ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। এ ক্ষেত্রে তরুণ ও বয়স্ক নারীর মধ্যে কোনো পার্থক্য নেই। দারিদ্র্য এখানে মূল সমস্যা নয়। তাদের মধ্যে সচেতনতার অভাব অন্যতম কারণ। সচেতনতা বাড়াতে পারলেই মাতৃমৃত্যু রোধে আরও অগ্রগতি সাধন সম্ভব।
মাতৃমৃত্যু হার কমাতে সরকার গুরুত্ব দিচ্ছে জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করায়। এ লক্ষ্যে ৫৯টি জেলা হাসপাতাল এবং ১৩২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করা হয়েছে। এই ৫৯টি জেলা হাসপাতালে এরই মধ্যে ১৪টি জেলার ২০টি উপজেলায় ৩৪টি হাসপাতালকে নারীবান্ধব করা হচ্ছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এই প্রকল্পে সহায়তা করছে।
সরকার ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলো নানা কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে, সন্তান প্রসবপূর্ব মায়ের যত্ন, দরিদ্র নারীদের জন্য মাতৃস্বাস্থ্য ভাউচার প্রকল্প, কমিউনিটিভিত্তিক স্কিলড বার্থ অ্যাটেনডেন্টস (এসবিএ) নিয়োগ ও মিডওয়াইফারি কর্মসূচি।
ইউএনএফপিএর মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমীন সমকালকে বলেন, দেশে বর্তমানে শতকরা প্রায় ৪২ জন গর্ভবতী মা প্রশিক্ষিত ধাত্রীর পরিচর্যায় নিরাপদ প্রসবের আওতায় এসেছেন। বাকি মায়েরা ঘরেই অধাত্রীদের সহায়তায় সন্তান জন্ম দিচ্ছেন। এতে মৃত্যুর ঝুঁকি ছাড়াও মায়েরা প্রসব-পরবর্তী নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সুবিধা বাড়াতে আরও অধিক বিনিয়োগের পাশাপাশি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়াতে পারলে মাতৃমৃত্যু হার আরও হ্রাস পাবে। এ জন্য গ্রাম পর্যায়ে দরিদ্র লোকদের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা বাড়াতে হবে।
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মালিকদেরও সরকারি নিয়ম অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি প্রদানের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তবে এখনও অনেক জায়গায় মাতৃত্বকালীন ছুটি কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। নিরাপদ মাতৃত্ব দিবস আজ :নানা আয়োজনে আজ সারাদেশে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসবই হোক নিরাপদ'। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা নানা কর্মসূচি পালন করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে প্রতি জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রসূতি মায়েদের বিশেষ সেবা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে যারা নিরলস কাজ করেছেন তাদের পুরস্কার প্রদান এবং জনসচেতনতায় রাজধানীর মূল সড়কগুলোর সামনে রঙবেরঙের বিভিন্ন ফেস্টুন প্রদর্শন।











