শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্সবে পছন্দের পোশাক

news-image

উত্সবের পোশাক মানে নতুনত্ব। আর সেই পোশাকটা মনের মতো না হলে কেমন হয়? এই সময়ের তরুণীরা দেশীয় পোশাকের সাথে পাশ্চাত্যের ফিউশনটা বেশ পছন্দ করছে। তাদের পছন্দের কথা ভেবে আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো তেমনি পোশাক তৈরি করছেন। উত্সবের পছন্দের পোশাক নিয়ে এবারের আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী 
বর্তমানে গতানুগতিক সালোয়ার-কামিজের বাইরে অনেকেই পরছেন প্যাটার্ন ভিন্নতার পোশাক। ফেব্রিক ভেরিয়েশনের পাশাপাশি এতে থাকছে প্রাচীন ভারতীয় ও মরোক্কান ঐতিহ্যের ছোঁয়া। কামিজের ঘের হচ্ছে নানা রকম। কামিজ বা কুর্তার নেক লাইনে থাকছে কাটিং ভিন্নতা। পাশাপাশি গর্জিয়াস নকশায় নেক লাইন থেকে ফ্রন্ট সাইড পুরোটাই প্রকাশ করছে ভিন্নতর পোশাকী ক্যানভাস। এবার শুধু নকশাই নয়, পোশাকের কাটছাঁটেও থাকছে ভিন্নতা। প্রজাপতি নকশার প্যাটার্নে তৈরি হয়েছে টিউনিক। কামিজের ঘেরেও থাকছে বৈচিত্র্য। বেশি ঘের দেওয়া কামিজ তো আছেই। পাশাপাশি চলছে লম্বা টপ বা কামিজে অসমান দৈর্ঘ্য অর্থাত্ সামনে বেশি ঘের, পেছনে কম, আবার পেছনে বেশি, সামনে কম ঘেরের নকশার পোশাক। ফতুয়া বা কুর্তায় থাকছে জ্যামিতিক কাট। এখন ফুল বা হাফ স্লিভলেস পোশাক বেশ চলছে, তাই কিছু পোশাকের হাতায় নতুনত্ব আনতে করা হয়েছে পাইপিংয়ের ব্যবহার। কামিজ আর টপের লম্বা হাতায় থাকছে লেস। জিন্স সব সময়ই তরুণীদের পছন্দের পোশাক, নানা রকম ছাপা নকশার প্যান্টও এখন বেশ চলছে। এবার কামিজে লং শেপ কুর্তা বা কামিজে লুস ফিটিং পালাজ্জোও জনপ্রিয়তা পেয়েছে। আপনার পছন্দের পোশাক কিনতে যেতে পারেন এক্সটেসি, ক্যাটস আই, আলফোসি, ট্রেন্জ, ইয়ালো, জেন্টাল পার্ক, ইনফিনিটিসহ বিভিন্ন ফ্যাশন হাউসে। এসব পোশাকের সঙ্গে সাজসজ্জা হতে হবে একদমই বুঝেশুনে। এখন যেহেতু গরম, তাই টি-শার্ট বা টপসের সঙ্গে মানিয়ে পরতে পারেন টাইস বা লেগিন্স পরতে পারেন। অথবা অন্য ধরনের জিন্স প্যান্টের সঙ্গে মিলিয়ে পরতে পারেন ভিন্ন ডিজাইনের জুতাও। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ফুল কোনোভাবেই যায় না। ফর্মাল বা ক্যাজুয়াল ড্রেস যাই হোক না কেন, ড্রেসের ধরনের পাশাপাশি মেকআপ হতে হবে দিন-রাতের ওপর নির্ভর করে। দিনের বেলায় ক্যাজুয়াল ড্রেসের মেকআপ খুব হালকা হওয়া চাই। হালকা সাজের মধ্যে পাউডার-কাজল ব্যবহার করতে পারেন। ঠোঁটে হালকা গোলাপি বা বাদামি গ্লস লাগাতে পারেন। ম্যাট লিপস্টিকও লাগাতে পারেন। ফর্মাল পোশাক পরলে মেকআপে একটা মিশ্রভাব থাকতে হবে। প্রথমে ফাউন্ডেশন দিন। তৈলাক্ত ত্বকে ম্যাট আর শুষ্ক ত্বকে অয়েল বেজড ফাউন্ডেশন দিন। আইশ্যাডো ব্যবহার করতে হলে মোটা করে আইলাইনার দিতে পারেন। তবে এটা রাতের বেলায় করবেন। আর দিনের বেলায় চুল খোলা রাখলে ভালো লাগবে। জুতা না স্যান্ডেল পরবেন তা নির্ভর করবে ড্রেসের ধরনের ওপর।