নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) সকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর প্রেসক্লাব একাদশ ও নবীনগর তিতাস একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নির্দোষ ও সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে সংবাদ প্রকাশ নয়, বরং আবেগ ও ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমীর ও আব্দুল সাত্তার।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, শ্যামা প্রসাদ চক্রবর্তী, সাইদুল আলম সুরাফ, আরিফুল ইসলাম মিনহাজ, শাহানুর খান আলমগীর, আবু কাওসার, আব্বাস উদ্দিন হেলাল, এমকে জসিম উদ্দিন, মাজেদুল ইসলাম, মিঠু সূত্রধর পলাশ, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, আইকে ইব্রাহিম, দপ্তর সম্পাদক সেলিম রাজা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস রুবেল, সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সাইফুল ইসলাম রবিন, দেবব্রত দাস, জামাল হোসেন পান্না, সাফিউল আলম, সাধন সাহা, হেলাল উদ্দিন, আলামিন, খান জাহান আলী চৌধুরী, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, আলমগীর খন্দকার, নাসিরুদ্দিন, কাওসার আলম, মো. হোসাইন ও সাবিনা ইয়াসমিন পুতুলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে নবীনগর প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাংবাদিকদের সংগঠন হিসেবে নবীনগর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ চার দশকের পথচলায় সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে ভূমিকা রেখে চলেছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি চারটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জনস্বার্থে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে নবীনগর প্রেসক্লাব আগামী দিনেও তার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে এগিয়ে যাবে।