প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন।
বৈঠকে যোগ দিতে প্রথমে একটি কালো গাড়িতে সচিবালয়ে পৌঁছান নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। পরে সেখানে উপস্থিত হন আকরাম হুসাইন।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতা মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেদিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্তে আলোচনাও হয়।
সেই উদ্যোগের ধারাবাহিকতায় সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে। এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হলেও অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।











