ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়—এমন পরিস্থিতি তুলে ধরে বিশেষ উদ্দেশ্য হাসিলের চেষ্টা হতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। চুনকুঠি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
নিপুণ রায় চৌধুরী অভিযোগ করেন, কোনো কোনো সহিংস ঘটনাকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কর্মকাণ্ড হিসেবে প্রচারের চেষ্টা হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে এলাকাভিত্তিক পাহারার ব্যবস্থা করতে হবে।
সমাবেশে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন তিনি।
নিপুণ রায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কোনো দেশের আধিপত্যও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সবার সমান অধিকার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এ জাতীয় আরও খবর