চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ায় ২০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। গাজীপুরের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছেন ১৫ প্লাটুন।
এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইলে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশৃঙ্খলা প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।











