সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে লিটন দাসের কৌশল হলো রান করার চেষ্টা চালিয়ে যাওয়া। জোহানেসবার্গে দ্বিতীয় দিনের সকালে নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণ করে বাংলাদেশকে ৪০০ রানের গণ্ডি পার করিয়েছেন তিনি। তবে আরও কিছুক্ষণ উইকেটে থাকতে না পারায় আক্ষেপও রয়েছে তার।

টেস্টে লিটনের অধিকাংশ শতকই এসেছে দলের কঠিন পরিস্থিতিতে। জোহানেসবার্গেও ব্যতিক্রম ছিল না। প্রথম দিন ১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর লিটন ও তাওহীদ হৃদয় মিলে ২০৬ রানের জুটি গড়েন। দুজনই তুলে নেন শতক।

লিটন বলেন, ‘আমি সব সময় সংকটের পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখি। দলের ওপর চাপ থাকলে একজন অভিজ্ঞ খেলোয়াড় সব সময় দায়িত্ব নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন। এই ভূমিকা পালন করতে পেরে আমি খুশি। ভবিষ্যতেও বাংলাদেশের হয়ে এমন সংকটের মুহূর্তগুলো সামলাতে চাই। আমি নিজের স্বাভাবিক খেলার ধরন ও মানসিকতা ধরে রাখার চেষ্টা করি। সেটি হলো, সব সময় রান খুঁজে যাওয়া। রান করতে পারলে আমার ভালো লাগে, একই সঙ্গে স্কোরবোর্ডেও রান বাড়তে থাকে।’

উইকেটের পরিবর্তন নিয়ে লিটনের মূল্যায়ন, ‘গতকালের তুলনায় আজ উইকেটের আচরণ ছিল একেবারেই ভিন্ন। গতকাল বল সুইং করেছে এবং অসমানভাবে লাফিয়েছে। কিন্তু আজ সকালের সেশন থেকেই উইকেট বেশ সমতল মনে হয়েছে। আমার মনে হয়, আমরা প্রায় ৫০-৬০ রান কম করেছি। আমার আরও ১৫ ওভার ব্যাটিং করা উচিত ছিল। তাহলে দলীয় সংগ্রহ প্রায় ৪৫০ হতে পারত, যা ভালো হতো। তবে উইকেট সমতল হলেও ভালো জায়গায় বল ফেলতে পারলে বোলারদের জন্য সুযোগ তৈরি হতে পারে।’

নিজের শতকটি মেয়েকে উৎসর্গ করেছেন লিটন। শতরান পূর্ণ করার পর একটি কাগজ বের করেন তিনি। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই শতক তোমার জন্য।’

দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৮৭ রান। তবে তৃতীয় দিনের সকালে কয়েকটি উইকেট তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদী লিটন।

তিনি বলেন, ‘এখন আমাদের খেলার পরিকল্পনা খুবই সহজ। উইকেট নিতে হবে, তাদের অলআউট করতে হবে। কোনোভাবেই বড় লিড নিতে দেওয়া যাবে না।’

তবে নিজেদের হাতে বেশি রান নেই বলেও মনে করেন লিটন। তার ভাষায়, ‘আমাদের হাতে আসলে খুব বেশি রান নেই। ব্যবধান প্রায় ১০০ থেকে ১২০ রানের। তবে তৃতীয় দিনের সকালে দ্রুত দুই-তিনটি উইকেট নিতে পারলে ম্যাচের পরিস্থিতি বদলে যাবে।’

বাংলাদেশের পেসারদের মধ্যে একমাত্র হাসান মাহমুদই সফল হয়েছেন। ১৬ ওভার বল করে ৬২ রানে নিয়েছেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের তুলনায় বেশি ফুল লেংথে বল করায় হাসান সাফল্য পেয়েছেন বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘তিনজনের মধ্যে একমাত্র পার্থক্য হলো হাসানের গতি কিছুটা কম। তবে তার বোলিংয়ে রানআপ বেশ সাবলীল, যা তাকে বেশি নিয়ন্ত্রণ দেয়। সে বেশির ভাগ উইকেটই ফুল লেংথে বল করে পায়।’

তাসকিন ও এবাদত তুলনামূলক বেশি গতিতে বল করেন এবং শক্ত লেংথে বোলিং করেন। লিটনের মতে, ‘আমার মনে হয়, এই উইকেট হাসানের জন্য উপযোগী। কারণ, সে তুলনামূলক বেশি ফুল লেংথে বল করে।’

এই টেস্টে বাংলাদেশের প্রধান স্পিনার মেহেদী হাসান মিরাজ দক্ষিণ আফ্রিকার মাটিতে বরাবরই সংগ্রাম করেছেন। সোমবার ১৬ ওভারে ১০১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে মিরাজ ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস লিটনের।

তিনি বলেন, ‘আমার মনে হয়, তিনজন পেসার ও একজন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজানো ভালো সিদ্ধান্ত। মিরাজেরও বড় ভূমিকা ছিল। সে যদি ৪০ রান কম দিত, তাহলে প্রতিপক্ষ আরও বেশি চাপে থাকত। আজ সেটা হয়নি। তবে একজন খেলোয়াড়ের খারাপ দিন যেতেই পারে।’

একই ওভারে নেওয়া বাংলাদেশের দুটি রিভিউ ব্যর্থ হয়েছে। এ নিয়ে লিটনের ব্যাখ্যা, সিদ্ধান্তগুলো আবেগের বশে নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই আবেগের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। কখনো কখনো মাঠের ভেতর থেকে বিষয়গুলো বোঝা কঠিন হয়ে পড়ে। তবে একই ওভারে দুবার এমনটি ঘটেছে। আমার মনে হয়, মাঝখানে ১০ ওভারের বিরতি থাকলেও আমরা একই সিদ্ধান্ত নিতাম।’

 

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা