আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার
অনলাইন ডেস্ক : চলতি আমন মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ধান ও চালের ক্রয়মূল্যও নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে ২০২৫ সালে সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে কিনেছিল। ওই বছর ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।











