বিমানবন্দরে হামলা-হট্টগোলের মামলায় হাইকোর্টে জামিন চাইলেন আখতারুজ্জামান
অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
রোববার তার জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।
এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত একই মামলায় তার জামিন আবেদন নাকচ করেন। গত ২৬ অক্টোবর শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে ৪ অক্টোবরও তার জামিন আবেদন খারিজ হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় মামলা করেন। ওই মামলায় ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। সকাল ৮টা ৫৫ মিনিটে তাদের বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন কার্যক্রম শেষে যাত্রীরা ৮ নম্বর লাগেজ বেল্টে মালামাল সংগ্রহ করতে যান। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সেখানে ট্রলির সংকট ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
এ সময় কয়েকজন প্রটোকল সহকারীর বিরুদ্ধে লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়। পাশাপাশি লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।











