৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে তাণ্ডব, পুলিশ বক্সে আগুন
অনলাইন ডেস্ক :ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকালে বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি পুলিশ বক্সে আগুন দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানান, পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। শনিবার রাতেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার সকালে রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। কারখানায় হাজিরা দেওয়ার পর তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
একপর্যায়ে শত শত শ্রমিক লাঠিসোঁটা হাতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এদিকে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের মাঝখানে থাকা একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় বক্সের ভেতরের মালামাল বাইরে বের করেও আগুন দেওয়া হয়।
সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।











