৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ
অনলাইন ডেস্ক : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে পোশাকশ্রমিকেরা এসে মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা জানান, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।
এর আগেও একই দাবিতে শনিবার মিরপুরে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
পরে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হলে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। কালশী এলাকায় একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
এর আগে বৃহস্পতিবারও মিরপুরের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ করেন কয়েকশ পোশাকশ্রমিক। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে তাদের অবস্থান শুরু হয়। পরে পূরবী সিনেমা হলের সামনে মেট্রোরেলের ১১ নম্বর স্টেশন এলাকায় দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন তারা। প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর বিকেলে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘদিন ধরেই মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন পোশাকশ্রমিকেরা।
এদিকে শনিবার শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ জানিয়েছেন, বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য রোববার নতুন মজুরি বোর্ড গঠন করা হবে।











