পদত্যাগকে ‘সেরা পরামর্শ’ বললেন ইশরাক
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তকে তিনি নিজের জীবনের অন্যতম সেরা পরামর্শ হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
ইশরাক হোসেনের ভাষ্য অনুযায়ী, পদত্যাগের নির্দেশ পাওয়ার পর শুরুতে বিষয়টি তার কাছে শাস্তি বলে মনে হয়েছিল। তবে প্রধানমন্ত্রী আগে থেকেই তার বিরুদ্ধে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পেরেছিলেন বলে তিনি মনে করেন।
পোস্টে ইশরাক দাবি করেন, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী মহল তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এর মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জনসমালোচনার মুখে ফেলা এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করা হতো বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা আরও জানান, অতীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও কী ধরনের অন্যায় পরিকল্পনা করা হয়েছিল, সে বিষয়টি তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীর প্রতি নিজের আস্থা ও শ্রদ্ধার কথা তুলে ধরে ইশরাক লেখেন, তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তার কল্যাণের বিষয়টি বিবেচনায় রাখেন। জীবনের বিভিন্ন সময়ে তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন।
নিজের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, একটি কঠিন কাজ শুরু করতে গিয়ে তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যেখান থেকে সম্ভাব্য ষড়যন্ত্র এড়িয়ে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে মনে করছেন। কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর বলা কথার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে দলের ভেতরে থাকা সুযোগসন্ধানীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। প্রমাণ পাওয়া গেলে দলের ভেতরে আঁতাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।











