,

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজের সন্তানের সুস্থ ভবিষ্যতের কথা চিন্তা করেই সবাইকে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলার কাজে এগিয়ে আসতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জীবন শুধু নিজেদের বাসা বা এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন স্থানে চলাফেরা করতে হয়। তাই সন্তানদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হলে শুধু নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখলেই চলবে না, পুরো নগরীকে পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতা। অল্প সময়ের মধ্যে এ সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করা সম্ভব।
সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্বের সঙ্গে তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। এ ক্ষেত্রে সময় লাগলেও নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের লন্ডন শহরের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অতীতে সেখানেও বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার সমস্যা ছিল। দীর্ঘদিনের উদ্যোগ ও নাগরিক সচেতনতার মাধ্যমে শহরটির পরিচ্ছন্নতা পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বিদেশের পরিচ্ছন্ন শহর দেখে আক্ষেপ না করে নিজেদের শহরকে সুন্দর করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
ঢাকার পরিচ্ছন্নতা ব্যবস্থায় কিছুটা অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতে ঢাকার পরিবেশ নিয়ে আলোচনা হয়। ওই কর্মকর্তা শহরের পরিচ্ছন্নতা আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই পরিবর্তন প্রমাণ করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরও উন্নতি সম্ভব। নগরীর সড়ক, সড়ক বিভাজক ও বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
কর্মকর্তা-কর্মচারীদের আত্মমূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অন্যের কাজের সমালোচনা করার পাশাপাশি প্রত্যেককে নিজের দায়িত্ব পালনের বিষয়টিও পর্যালোচনা করতে হবে। নিজের কাজ কতটা যথাযথভাবে করা হচ্ছে এবং সমস্যা সমাধানে কতটা চেষ্টা রয়েছে, তা নিয়েও ভাবতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আবহাওয়ার পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভূমিকম্পসংক্রান্ত তথ্য, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস এবং বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে খোঁজ নেন। জরুরি পরিস্থিতি শনাক্ত ও পর্যবেক্ষণের পদ্ধতি সম্পর্কেও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় ফেসবুক লাইভের মাধ্যমে ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্রও দেখেন তিনি।
পরিদর্শন ও মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের