মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের
অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর ভাষ্য, ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে দল ও প্রধানমন্ত্রী যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন, সে বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় নিজের সিদ্ধান্তের পেছনের কারণও তুলে ধরেন ইশরাক।
তিনি জানান, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
ইশরাক বলেন, সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের সুযোগ দিয়েছেন।
পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন থেকে এ বিষয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার কথাও জানান তিনি।
এর আগে সোমবার বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ইশরাক বলেছিলেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি; তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থানও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে আসেন ইশরাক হোসেন। ওই ঘটনার পরদিন তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সে সময় এক অডিও বার্তায় এ খবরকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তিনি।
পরবর্তী সময়ে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া পোস্টে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়ে বক্তব্য দেওয়ার কথা জানান ইশরাক। সোমবারের সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার ঘোষণা দেন।










