আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক
অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। সেখানে তিনি উল্লেখ করেন, নির্ধারিত সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেবেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উচ্ছ্বাস প্রকাশের বিষয়টি তার নজরে এসেছে। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীরা বিদেশ থেকে দেশে ফিরে তাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ইশরাক জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান।
এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথা তুলে ধরেন ইশরাক। মাদক নির্মূলকে ভবিষ্যৎ কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।










