ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪
অনলাইন ডেস্ক : রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।
পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় চলন্ত কাভার্ড ভ্যান থেকে লাগেজ চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি ভ্যানটির পেছনের দরজার তালা ভেঙে লাগেজ নিয়ে পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। তাঁদের মধ্যে মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহী, টাঙ্গাইল ও নাটোরে মোট পাঁচটি মামলা রয়েছে। সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ বিসিবির একটি কাভার্ড ভ্যানে করে রাজশাহীতে নেওয়া হচ্ছিল। হোটেলে পৌঁছে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে তদন্ত শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে জেলা ডিবি পুলিশ। এ সময় শাহাদত হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স এবং নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে বুধবার ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে কাভার্ড ভ্যানের চালক সজীব দরজার তালা পরীক্ষা করে পুনরায় যাত্রা শুরু করেন। পরে সকাল ৫টার দিকে পুঠিয়ার তারাপুর এলাকায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ভ্যানটির পেছনের দরজার তালা ভেঙে লাগেজ ও অন্যান্য মালামাল নিয়ে যান।
পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালককে জানালে তিনি গাড়ি থামিয়ে দরজা খোলা ও তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দরজা বন্ধ করে রাজশাহীতে পৌঁছান তিনি। হোটেলে লাগেজ নামানোর সময় ৫৪টির মধ্যে ৪৬টি পাওয়া যায়।
ক্রিকেটার মেহেরব হাসান জানান, তাঁর লাগেজের অন্যান্য মালামাল উদ্ধার হলেও তিন লাখ টাকা এখনো পাওয়া যায়নি। টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে তাঁকে জানানো হয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে।











