বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত
অনলাইন ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ৩১ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা সংশোধন করা হয়েছিল। ওই সংশোধনীতে কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়।
সংশোধিত বিধান অনুযায়ী, বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে প্রার্থীকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অন্যদিকে, বেসরকারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়।
এর আগের প্রবিধানমালায় সভাপতি মনোনয়নের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হতো। সে সময় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে প্রতিষ্ঠানপ্রধানদের স্থানীয় জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা, শিক্ষানুরাগী ব্যক্তি অথবা সমাজসেবকদের মধ্য থেকে তিনজনের নাম শিক্ষা বোর্ডে পাঠানোর বিধান ছিল।
নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনের পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করছে।











