সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্দী আমিন
অনলাইন ডেস্ক: দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনো বিভাজন থাকবে না, রাষ্ট্র ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘মহালয়া ১৪৩৩’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার এমন এক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের কারণে কাউকেই বৈষম্য বা বিভেদের শিকার হতে হবে না।
অনুষ্ঠানে মাহ্দী আমিন আরও জানান, জনগণের দীর্ঘদিনের দাবির সাথে সঙ্গতি রেখে দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন কান্তি মজুমদার এবং পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহা ও সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।











